প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম
প্রতিকী ছবি
দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন নামের এক রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত কাজীবাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে একটি ট্রাক্টরের চালকের সঙ্গে ইউসুফের বাগবিতণ্ডা হয়। ট্রাক্টরটির মালিক ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ তাকে ওই এলাকায় যেতে নিষেধ করে হুমকি দেন। সোমবার ভোরে রাইড শেয়ারিংয়ের কাজে আমজাদের বাজার এলাকায় গেলে আবুল কালাম আজাদ ও তার লোকজন ইউসুফের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আরিফ হোছাইন বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবা আব্দুস সামাদকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা ও পারিবারিক বিরোধ নিয়ে ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা বাধা দিতে গেলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছরের শিশুসহ পরিবারের আরও চারজন আহত হয়েছে। সোমবার ভোরে জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
ফেনী : দাগনভূঞায় মেয়ের হাতে সেতারা বেগম (৬৫) নামের এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে রানু আক্তারকে (৪২) আটক করেছে পুলিশ। দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাতক্ষীরা : শ্যামনগরে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মণ্ডল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি শফিকুল ইসলাম জানান, চার দিন ধরে মনোরঞ্জন নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাবুগঞ্জ (বরিশাল): বাবুগঞ্জে মনির ফকির (৫০) নামের এক সাবেক জুট মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।