সিলেট সীমান্ত
আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম
রাতের আঁধারে সিলেটের দীর্ঘ সীমান্তজুড়ে দেশের মধ্যে ঢুকছে অবৈধ পণ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাতের আঁধারে সিলেটের দীর্ঘ সীমান্তজুড়ে দেশের মধ্যে ঢুকছে অবৈধ পণ্য। বিছানাকান্দি, তামাবিল কিংবা জকিগঞ্জের সীমান্তরক্ষীদের চোখ ফাঁকিÑ কসমেটিকস, শাড়ি, মসলা, শীতবস্ত্র, কাঁচামাল এবং মাদকের কোটি কোটি টাকার অবৈধ চালান ঢুকে পড়ছে।
অভিযোগ রয়েছে, সীমান্তরক্ষী বিজিবির চোখ ফাঁকি দিয়ে কখনও তাদের ‘ম্যানেজ’ করে চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে। মাঝেমধ্যে কিছু পণ্য জব্দ হলেও সিন্ডিকেটের আসল হোতারা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
অনুসন্ধানে করে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার প্রায় ১৫টি রুটে প্রতিবেশী দেশ ভারতের পণ্য নির্বিঘ্নে বাংলাদেশে ঢুকছে বলে অভিযোগ। স্থানীয় বারকি নৌকা যা সাধারণত বালু-পাথর বহন করে থাকে এবং ড্রেজার চালকদের একটি অংশকে চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা সুরমা ও পিয়াইন নদীতে বালু তোলার আড়ালে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। রাত ২টার পর ওপার থেকে আসা পণ্য পাহাড়ি ছড়া ও নদীপথ ব্যবহার করে সীমান্তঘেঁষা গ্রামগুলোয় নিয়ে আসা হয়। সেখান থেকে ভারতীয় পণ্য কাভার্ড ভ্যান বা ছোট ছোট ট্রাকে তুলে সিলেট শহরসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি বাজারে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়াইনঘাট সীমান্তের এক বাসিন্দা বলেন, রাতের আঁধারে যখন চোরাই মালের নৌকা বা কসমেটিকসের গাড়ি চলে, ওই সময় নির্দিষ্ট কিছু রুটে পাহারাদার বসানো হয়। প্রশাসনের কেউ আসার আগেই চোরাকারবারিদের কাছে সংকেত চলে যায়।
অনুসন্ধানে উঠে এসেছে যে, গোয়াইনঘাট উপজেলার তামাবিল, বিছানাকান্দি, ছুরাইঘাট, পানতুমাই, হাজীপুর এবং লামা পুঞ্জিসহ বেশ কয়েকটি রুট অবৈধ ভারতীয় পণ্য ঢোকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে।
এসব রুটে কসমেটিকস, মসলা, জিরা, শীতবস্ত্র, শাকসবজি ও অন্যান্য কাঁচামাল সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বলে স্থানীয় সূত্রের দাবি। এ ছাড়া জকিগঞ্জের মুন্সিবাজারের আইওয়র গ্রাম, লোহার মহল এবং আটগ্রামের কারাবাল্লা গ্রামসহ কয়েকটি রুটে ভারতীয় পণ্যের চালান আসার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, এসব এলাকার কিছু সীমান্তের ফাঁকফোকর দিয়ে মাদকও ঢুকছে। শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক পণ্যের পাশাপাশি যেভাবে শাকসবজি ও অন্যান্য কাঁচামাল আসছে, তাতে দেশের কৃষকরা অর্থনৈতিক লোকসানের মুখে পড়ছেন। বিশেষজ্ঞরা মনে করেন সিলেটের সীমান্ত দিয়ে শুল্কবিহীন পণ্য দেশে ঢুকতে থাকলে উৎপাদিত দেশীয় পণ্য মার খেতে থাকবে। বৈধ ব্যবসা-বাণিজ্যের ধস ঠকানো যাবে না।
সিলেট জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ছাড়াও একই সময়ে প্রায় ৩ কোটি চোরাচালান পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে ৬ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, সিলেটে সীমান্তকেন্দ্রিক চোরাচালান কার্যক্রম দীর্ঘদিন ধরে চলার পেছনে চোরাচালন সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল ও আইনশৃঙ্খলা বাহিনী অসাধু ব্যক্তি যোগসাজশ রয়েছে। অভিযোগ রয়েছে, চোরাচালানের নেটওয়ার্কের নেপথ্যে থাকা অর্থের জোগানদাতা, রুট নিয়ন্ত্রণকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যথাযথভাবে তদন্তের আওতায় আনা প্রয়োজন।
সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সীমান্ত চোরাচালান এবং মাদকের ব্যাপারে আমরা পুরোপুরি ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছি।
সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, সিলেটের সীমান্তকে চোরাচালানমুক্ত করতে হলে শুধু পণ্য জব্দ বা বাহকদের আটক করলেই চলবে না। এর পেছনে থাকা অর্থের জোগানদাতা, অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্ক এবং অপরাধে সহযোগিতার অভিযোগে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।