× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেচ সংকটে থমকে পাহাড়ের ফল চাষ

সুফল চাকমা, বান্দরবান

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:০৫ পিএম

রোয়াংছড়িতে ঝিড়ি থেকে পানি বহন করে বাগানে দিচ্ছেন কৃষানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোয়াংছড়িতে ঝিড়ি থেকে পানি বহন করে বাগানে দিচ্ছেন কৃষানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি জনপদে গড়ে উঠেছে প্রায় ১০০ একর মিশ্র ফলদ বাগান। আম্রপালি, লিচু, কিউজাই, মিয়াজাকি, সূর্য ডিম, কাজুবাদাম, কফি, লটকন, কুলসহ নানা জাতের ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

কিন্তু সেচের পানির তীব্র সংকটে সেই সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। দেড় কিলোমিটার দূরের ঝিরি থেকে পানি সংগ্রহ করতে লিটারপ্রতি খরচ হচ্ছে প্রায় দুই টাকা। ফলে পর্যাপ্ত সেচ দিতে না পেরে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনের পরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছেন তারা।

রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরের বেংছড়ি পাড়া, খাব্রে পাড়া, অংজাই পাড়া, লুংলাই পাড়া, বিক্রমণী পাড়া ও মুনথার পাড়ায় প্রায় ৯২টি পরিবার এই সংকটে রয়েছে। এসব এলাকায় প্রায় ১০০ একর জমিতে গড়ে উঠেছে মিশ্র ফলদ বাগান। কোনো কোনো পরিবারের রয়েছে পাঁচ থেকে ১৫ একর পর্যন্ত বাগান। বছরের পর বছর সঞ্চয় ও ঋণের অর্থ বিনিয়োগ করে গড়ে তোলা এসব বাগানই তাদের জীবিকার প্রধান অবলম্বন। অথচ পানির অভাবে সেই বাগান থেকে কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না তারা।

পাহাড়ের ঢালে নিজের জমিতে ফলদ বাগান গড়ে তুলেছেন চশৈনু মারমা। মৌসুমের আগে গাছের পরিচর্যা, সার ও শ্রমিকের পেছনে বিনিয়োগ করেন সঞ্চিত অর্থ। আশা থাকে, ফল বিক্রির আয় দিয়ে আগের দেনা শোধ করে সংসারে স্বস্তি ফিরিয়ে আনবেন। কিন্তু সেচের অভাবে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ায় প্রত্যাশিত ফলন পাচ্ছেন না তিনি। লাভের বদলে বাড়ছে ঋণের বোঝা।

বাগানগুলোতে সেচের পানির একমাত্র নির্ভরযোগ্য উৎস প্রায় দেড় কিলোমিটার দূরের একটি ঝিরি। সেখান থেকে শ্রমিক দিয়ে পানি বহন করে আনতে প্রতি লিটারে খরচ পড়ে প্রায় দুই টাকা। পাহাড়ি পথ বেয়ে পানি সংগ্রহের এই ব্যয় বহন করা ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কঠিন। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক সময় গাছে পর্যাপ্ত পানি দিতে পারেন না তারা। এতে গাছের বৃদ্ধি, ফলন ও ফলের গুণগত মান কমে যাচ্ছে।

স্থানীয় ফলচাষি অংশৈনু মারমা বলেন, ‘আমরা দিনরাত পরিশ্রম করি, কিন্তু পানির অভাবে চোখের সামনে বাগান শুকিয়ে যেতে দেখি। ঠিকমতো সেচের ব্যবস্থা হলে আমাদের উৎপাদন এখনকার চেয়ে তিন গুণ বাড়ত। ফলের গুণগত মান ও স্বাদও আরও ভালো হতো। আমরা শুধু বাঁচতে চাই। সরকারের কাছে একটাই আকুতিÑ আমাদের একটু পানির ব্যবস্থা করে দেওয়া হোক।’

একই সংকটে রয়েছেন বেংছড়ি পাড়ার ফলচাষি উবায়ই মারমা। পরিবারের সদস্যদের শ্রমেই তিনি বাগান পরিচর্যা করেন। কিন্তু পানির অভাবে সেই শ্রমের যথাযথ প্রতিদান পাচ্ছেন না। তিনি বলেন, ‘ঝিরি থেকে পানি তুলতে অনেক কষ্ট হয়। শীতকাল এলে কষ্ট আরও বেড়ে যায়। আমার স্ত্রী আর আমি মিলে সারা দিন বাগানে কাজ করি। কিন্তু পর্যাপ্ত পানির অভাবে ফলন ভালো হয় না।’

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি এলাকায় ফলদ বাগানে পানির সংকট মোকাবিলায় পানি সংরক্ষণ ও সাশ্রয়ী সেচব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম জানান, পাহাড়ে বড় পরিসরে ফলবাগান গড়ে তুলতে হাফ-মুন কাটিং পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। বর্ষা মৌসুমের শুরুতেই মালচিং উপকরণ সংগ্রহ করে গাছের গোড়ায় প্রয়োগ করলে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব। বিকল্প হিসেবে প্লাস্টিক বোতলের মাধ্যমে ফোঁটা ফোঁটা সেচ বা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও জানান, অধিক ফলন ও অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা থাকলে একাধিক চাষিকে সমন্বিত করে সৌরশক্তিচালিত সেচব্যবস্থা গড়ে তোলা কার্যকর উদ্যোগ হতে পারে।

এদিকে সেচ সংকট নিরসনে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা করছে কৃষি বিভাগ। উপযুক্ত পানির উৎস, সেচ অবকাঠামো ও পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা গেলে এ উদ্যোগের মাধ্যমে দূর থেকে পানি বহনের খরচ ও শ্রম কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাড়তে পারে ফলের উৎপাদন ও কৃষকের আয়।

কৃষকদের দুর্ভোগের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, চাষিদের পানির সংকট নিরসনে নতুন অর্থবছরে পানি সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনের বিশেষ প্রস্তাবও রয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের চেষ্টা চলছে।

পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এসব ফলদ বাগান শুধু কয়েকটি পরিবারের জীবিকার উৎস নয়, পাহাড়ি কৃষির সম্ভাবনা ও অর্থনৈতিক পরিবর্তনেরও প্রতীক। কিন্তু সেচের পানির অভাবে বিনিয়োগ ও পরিশ্রমের সুফল পাচ্ছেন না কৃষকরা। তাই তাদের প্রত্যাশা, পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর সেচব্যবস্থা চালু করা হবে। এতে পাহাড়ের ফলদ বাগানগুলো ফিরে পাবে প্রাণ, আর কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নও পাবে নতুন সম্ভাবনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা