মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২১:২৭ পিএম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পত্নীতলা উপজেলার জামালপুর গ্রামের কমিউনিটি-নির্ভর আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
জাতিসংঘের মানববসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিটাট আয়োজিত আন্তর্জাতিক ফোরামে ‘কালেকটিভ হাউজিং অ্যাওয়ার্ড’ অর্জন করেছে উদ্যোগটি। ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিত করা, নিজস্ব সঞ্চয়, সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণমূলক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।
গত রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত ও ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গড়ে ওঠা এ উদ্যোগের গল্প প্লাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (পিওসিএএ)-এর মাধ্যমে পুরস্কারের জন্য জমা দেওয়া হয়। পিওসিএএ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘কালেকটিভ ইনিশিয়েটিভস অব দ্য কমিউনিটি’ ক্যাটাগরিতে উদ্যোগটি নির্বাচিত হয়েছে। পুরস্কার হিসেবে স্বীকৃতিপত্র, স্মারক ক্রেস্ট ও ৩০০ ডলার দেওয়া হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পক্ষে পোকা প্রতিনিধি স্থপতি ফারিবা ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের ভূমিহীন মানুষের আবাসন সংকট সমাধানে সম্মিলিতভাবে এ উদ্যোগ নেওয়া হয়। ভূমির অধিকার প্রতিষ্ঠা, নিজেদের সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খাসজমিতে ঘর নির্মাণ করে ৪৯টি ভূমিহীন পরিবার। স্থানীয় মানুষের নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠা এ উদ্যোগ পরিবারগুলোর আবাসন নিশ্চিত করার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জামালপুর গ্রামের এ অর্জন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও দেশের জন্য গর্বের। তাদের মতে, স্থানীয় মানুষের নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং নিজস্ব সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব।
এ আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে পত্নীতলার জামালপুর গ্রামের উদ্যোগ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বপরিসরে পরিচিতি পেয়েছে। পাশাপাশি ভূমিহীন মানুষের আবাসন সংকট নিরসনে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের গুরুত্বও নতুন করে তুলে ধরেছে।