চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪২ পিএম
লুৎফুল কবির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ কারাগারের অবসরপ্রাপ্ত প্রধান কারারক্ষী (জমাদার) লুৎফুল কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার সকাল ১১টায় পটিয়ার ঐতিহ্যবাহী শাহ্ আকবরিয়া (রহ.) দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর নিজ বাড়ি বোয়ালখালীর আহলার দক্ষিণ কড়লডেঙ্গা ইউসুফ তালুকদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে নিজ বাড়িতে দাফন করা হয়।
লুৎফুল কবিরের ছেলে ও প্রতিদিনের বাংলাদেশের পটিয়া প্রতিবেদক ইরফান হোসেন বলেন, ৮ দিন আগে বাবাকে স্ট্রোকজনিত সমস্যায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে ভর্তি করতে হয়। চারদিন সিসিইউতে থাকার পর তাঁকে রিলিজ দিলেও উন্নত চিকিৎসায় ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেন। সেমতে রবিবার সন্ধ্যায় প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশে রওনা দিলে সীতাকুণ্ড উপজেলায় প্রবেশের পর হঠাৎ তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। তাঁকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লুৎফুল কবির ১৯৬১ সালের ১ জুলাই বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কারা অধিদপ্তরের অধীনে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং প্রধান কারারক্ষী হিসেবে অবসরে যান।