কক্সবাজার অফিস
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ পিএম
উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে অনুমোদনহীন চারতলা ‘বে হিলটন রিসোর্ট’, উচ্ছেদ করা হয়েছে আরও ৮ থেকে ১০টি দোকান।
কউকের তথ্য অনুযায়ী, মেরিন ড্রাইভ এলাকায় প্রায় ২৫০টি রিসোর্ট নির্মাণে অনুমোদন নেওয়া হয়নি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ, কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি ও সচিব সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদে এসআরবি, পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য সহায়তা করেন।
কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি বলেন, গত ২৬ সেপ্টেম্বর ভবনটিকে কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মালিকপক্ষকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু মালিকপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
তবে ভবন মালিক শহিদুল হক বলেন, ২০১৪ সালে ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু করেছি। চারটি নোটিসেরই জবাব দিয়েছি। ভবন নির্মাণের পক্ষে কাগজপত্র আছে। কিন্তু কেউ তা আমলে নিচ্ছে না। তবে কউক বলছে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মালিকপক্ষ দেখাতে পারেনি।
কউকের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ। এর মধ্যে প্রায় ২৫০টি রিসোর্ট নির্মাণে কউকের অনুমোদন নেওয়া হয়নি। ২০১৬ সালে কউক প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত মেরিন ড্রাইভ এলাকায় তারকামানের মাত্র ২০ থেকে ২৫টি স্থাপনার নকশা অনুমোদন পেয়েছে।
কউকের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কউকের পক্ষ থেকে একাধিকবার নোটিস দেওয়া হয়েছে। এরপরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।