লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে।
এ ঘটনায় মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রবিবার এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোর পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মারা হচ্ছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি।
অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে শাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় চিকিৎসা নিতে জুয়েল হাসপাতালে এলে শাহেদ তার অনুসারীদের নিয়ে সেখানে যান। হাসপাতালের সামনে মারধরের একপর্যায়ে জুয়েল জরুরি বিভাগের কক্ষে আশ্রয় নেন। সেখানেও ঢুকে তাকে চেয়ার দিয়ে পেটানোসহ এলোপাতাড়ি মারধর করতে দেখা যায় ভিডিওতে।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ আগে দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। হামলার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তারাও আতঙ্কে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।