আমীর চারু বাবলু, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম
বোয়ালমারীর দাদুড়িয়া বিলে পলো ও হোঁচা দিয়ে মাছ ধরার উৎসবে অংশ নেয় নানা বয়সী মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে পলো হাতে সারিবদ্ধভাবে মাছ ধরতে দেখা যেত। কিন্তু বাংলার সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। নিষিদ্ধ ও ক্ষতিকর জালের বিস্তারে দেশি মাছের সংকট বাড়ার পাশাপাশি হারিয়ে যেতে বসেছে মাছ ধরার ঐতিহ্যবাহী এই লোকাচার।
এমন বাস্তবতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদুড়িয়া বিলে পলো ও হোঁচা দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছিল শত শত মানুষ। কারও হাতে পলো, কারও হাতে উচা জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্তের এলাকা থেকে ব্যাপক উৎসাহ নিয়ে এসে মাছ ধরার উৎসবে অংশ নেয় নানা বয়সী মানুষ। মাছ ধরার পাশাপাশি হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার আকাঙ্ক্ষাই ছিল এ আয়োজনের মূল প্রেরণা।
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার চতুল ও শেখর ইউনিয়নজুড়ে বিস্তৃত দাদুড়িয়া বিলে পলো উৎসবের আয়োজন করা হয়। আগের দিন মাইকিং করে জানানো হয় উৎসবের খবর। এরপর ভোর থেকেই পলো, হোঁচা ও মাছ ধরার নানা উপকরণ হাতে বিলে জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ।
স্থানীয়দের ভাষ্য, একসময় এ বিলে শিং, মাগুর, কৈ, বাইন, শোল, টাকি, পুঁটি, মলা ও ঢেলাসহ নানা দেশীয় মাছ পাওয়া যেত। এখন আগের মতো মাছ মেলে না। এবারের আয়োজনেও সেই পরিবর্তন স্পষ্ট হয়েছে বলে জানান তারা।
উৎসবে অংশ নেওয়া তুষার শেখ বলেন, ছোটবেলায় পলো দিয়ে মাছ ধরেছেন। দীর্ঘদিন পর মাইকিং শুনে আবার পলো নিয়ে বিলে এসেছেন। মাছ পাওয়া বড় কথা নয়, অনেক মানুষের সঙ্গে পুরনো দিনের মতো মাছ ধরতে পেরে আনন্দ পেয়েছেন তিনি।
কুশাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল গফফার শেখ বলেন, এখন আর আগের মতো বর্ষায় পানি হয় না, তারপর বিলজুড়ে ব্যক্তিগত জমিতে শত শত পুকুর খনন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল মৎস্যসম্পদ ধ্বংস করে দিচ্ছে। এভাবে মাছ কমতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পলো বাওয়া উৎসবের কথা শুনবে, কিন্তু তা দেখার সুযোগ পাবে না।
কয়েক কিলোমিটার পথ হেঁটে উৎসবে আসেন জব্বার শেখ। তিনি বলেন, ছোটবেলায় বাপ-দাদাদের পলো দিয়ে মাছ ধরতে দেখেছেন। এবার জীবনে প্রথমবারের মতো এত মানুষের সঙ্গে পলো ও হোঁচা দিয়ে মাছ ধরার দৃশ্য দেখলেন। আয়োজনটি তার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। আয়োজক ইমরান মোল্লা বলেন, হারিয়ে যেতে বসা পলো ও হোঁচা দিয়ে মাছ ধরার ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের মূল লক্ষ্য গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা। তার ভাষ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসন কার্যকর ভূমিকা নিলে দেশি মাছ রক্ষা পাবে এবং খাল-বিলে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পবিত্র কুমার দাস বলেন, দাদুড়িয়া বিলে দেশীয় মাছ কমে যাওয়ার বিষয়ে তাদের কোনো জরিপ নেই। তবে মাছের প্রজনন ও পোনা রক্ষায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি।