গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৯ পিএম
জয়দেবপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে মাদ্রাসা পরিচালক আরিফুল ইসলামের (২৯) বিরুদ্ধে শিক্ষার্থীকে (১৫) অপহরণের ঘটনায় মাদ্রাসার পরিচালকসহ তার চার সহযোগীর নাম উল্লেখ করে মামলা করেছে শিক্ষার্থীর বাবা। গত রবিবার রাতে ওই শিক্ষার্থীর বাবা মামলাটি দায়ের করেন।
মাদ্রাসার পরিচালক আরিফুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার বিকেবাড়ি (সিকদার মার্কেট সংলগ্ন) দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদ্রাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন।
মামলায় অন্য চার আসামিরা হলেনÑ ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের শরীফ মিয়া (৩৫), সেলিম মিয়া (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৫) এবং সেলিম মিয়ার স্ত্রী রহিমা খাতুন (৪০)। তারা জয়দেবপুর থানার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকার ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং পিরুজালী বর্তাপাড়া জাফরের বাড়ির ভাড়াটিয়া।
অপহৃত শিক্ষার্থী ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ময়মনসিংহ সদর উপজেলার মীরকান্দা পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শিক্ষার্থীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে আসছে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। শিক্ষকের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সে ভয়ভীতি এবং জোরপূর্বক অপহরণের হুমকি দেয়। শিক্ষার্থীর বাবা বিষয়টি জানার পর মাদ্রাসার পরিচালককে এসব কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেন। গত ১০ অক্টোবর সকালে শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পর অভিযুক্ত আরিফুল তাকে তার সহযোগীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
প্রধান আসামিসহ অন্য চার আসামিদের মোবইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।