লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকায়। ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি, ড্রোনের ব্যবহার, সতর্কতামূলক মাইকিং ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল সীমান্ত এলাকায় রবিবার বিকাল ৫টার দিকে বাঘের আক্রমণের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।
১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানক্ষেতের পাশে গেলে শরিফা বেগমকে আকস্মিকভাবে আক্রমণ করে বাঘটি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘের আক্রমণে আরও দুজন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিরাপত্তায় ফাঁকা গুলি ছোড়ে বিজিবির টহল দল। এতে বাঘটি ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলে চলে যায়। পরে বাঘটিকে শনাক্ত ও উদ্ধারে তল্লাশি শুরু হয়। ড্রোনের মাধ্যমে বাঘটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানোর পাশাপাশি সতর্কতামূলক মাইকিং করা হয়।
আহত তিনজনের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এদিকে বাঘটিকে নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তারা বাঘটির অবস্থান শনাক্ত ও নিরাপদে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বাঘটিকে উদ্ধার এবং পুনরায় লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, বাঘের আক্রমণের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রবিবার রাতে টর্চলাইট ও মুঠোফোনের আলো জ্বালিয়ে অনেকে বাঘটির সন্ধানে অবস্থান করেন। সোমবার বিকাল পর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাঘটির অবস্থান শনাক্ত ও নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।