× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, চাঁদপুরে প্রধান শিক্ষকসহ ২ জন ‘বরখাস্ত’

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৮ পিএম

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের তহবিল থেকে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ এবং অফিস সহকারী সাইফুল ইসলামকে সাময়িক ‘বরখাস্ত’ করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

প্রাথমিক অভ্যন্তরীণ নিরীক্ষায় তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তথ্য পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় তাদের দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৮ অক্টোবর তাদের সাত দিনের মধ্যে আত্মসাতের অভিযোগে উল্লিখিত সমুদয় অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা চিঠি গ্রহণ করেননি এবং অর্থও ফেরত দেননি বলে জানিয়েছে কমিটি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই কবির আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কোচিং সিন্ডিকেট, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং বিদ্যালয়ের তহবিল তছরুপ করেছেন।

এসব কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। অফিস সহকারী সাইফুল ইসলাম প্রধান শিক্ষকের সঙ্গে যোগসাজশ করে বিদ্যালয়ের হিসাব-নিকাশ পরিচালনা করতেন বলেও অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল বেপারীর সন্দেহের পরিপ্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়। কমিটি ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত বিদ্যালয়ের ক্যাশ বই ও ব্যাংক হিসাব যাচাই করে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা আত্মসাতের তথ্য পেয়েছে বলে দাবি করা হয়।

বেসরকারি শিক্ষক ও কর্মচারী বিধিমালার ৪.১৭ বিধি অনুযায়ী বিষয়টিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে কমিটি অর্থ ফেরতের নির্দেশ দেয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সভাপতি সোহেল বেপারী বলেন, “আমরা আপাতত শুধু বড় অংকের অনিয়মগুলোর হিসাব করেছি। ফরিদগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে ২০ হাজার টাকা কিংবা কুমিল্লা যাতায়াতে ১০ হাজার টাকা বিল দেখানোর মতো অনেক ছোট ও ভুয়া হিসাব এড়িয়ে যাওয়া হয়েছে। প্রধান শিক্ষক ও অফিস সহকারী বিদ্যালয়টিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।”

“ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট ব্যবহার করে অফিস সহকারী প্রায় নয় মাস প্রবাসে কাটিয়েছেন, যা পরে অবৈধভাবে বৈধ করা হয়েছে”, দাবি করেন তিনি।

বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে সোহেল বেপারী বলেন, “বরখাস্তের এই সিদ্ধান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।”

বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, জাহিদ ও সোলায়মান পাটওয়ারীও হিসাব-নিকাশে গরমিল থাকার বিষয়টি সত্য বলে দাবি করেন। তাদের মতে, আগে কমিটি থাকলেও কার্যকর তদারকি ছিল না।

তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান শিক্ষক ও অফিস সহকারী।

প্রধান শিক্ষক কবির আহমেদ বলেন, “আমার নিম্ন গ্রেডের কেউ আমার বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার রাখে না। তাই আমি কোনো চিঠি গ্রহণ করিনি এবং এক টাকাও আত্মসাৎ করিনি।”

অফিস সহকারী সাইফুল ইসলাম বলেন, “আমরা কোনো চিঠি নিইনি এবং বিদ্যালয়ের এক টাকাও আত্মসাৎ করিনি। বিদ্যালয়ের অর্থ কমিটিই যাবতীয় হিসাব-নিকাশ দেখভাল করেছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা