নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৬ পিএম
উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি জাকির হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রবিবার রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী
পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য জানান। গ্রেপ্তার জাকির হোসেন উজিরপুর উপজেলার
হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত।
র্যাবের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে বলা হয়েছে,
জাকির হোসেন ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির
পাশের একটি নির্জন ডোবা থেকে কলমি শাক তুলতে যায় কিশোরীটি। এ সময় তাকে একা পেয়ে
জাকির ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে
এলে জাকির পালিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে উজিরপুর মডেল থানায় মামলা করেন। পরে
মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-৮ এর সহায়তা চান।
র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের
অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উজিরপুর
মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।