ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরের ২৬ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬২ জন। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫ জনের। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন রোগী।
সোমবার ফেনী সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় গুণের বেশি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৩ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৫ জনের ফল পজিটিভ এসেছে। সব পরীক্ষাই সরকারি ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২০১। সে তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় গুণের বেশি হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪৯৭ জন। অক্টোবরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯ জনে। অর্থাৎ, চলতি মাসে আক্রান্তের সংখ্যা আগের মাসকেও ছাড়িয়ে গেছে। এতে জেলায় ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
ফেনী সদরে সর্বোচ্চ সংক্রমণ
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ফেনী সদর উপজেলায়। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৯৪৭। এ ছাড়া সোনাগাজীতে ১২২, দাগনভূঞায় ৮৪, ছাগলনাইয়ায় ৬১, পরশুরামে ৩২ এবং ফুলগাজীতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
সুস্থ ৮১১, হাসপাতালে ভর্তি ২৭
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৩৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৭ জন।
বর্তমানে ফেনী সদরে ১৯ জন, দাগনভূঞায় চারজন, সোনাগাজীতে একজন, ছাগলনাইয়ায় একজন এবং পরশুরামে দুজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। ফুলগাজীতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, ডেঙ্গু শনাক্তের জন্য জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ৩ হাজার ৫৬৭টি পরীক্ষার কিট মজুত রয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা জরুরি। ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও ছাদে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত।=