গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ এএম
গলাচিপায় পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে আহত অমিত হাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক যুবকের হাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাতটি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে পটকা (বোমা) ফোটাতে গেলে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, “আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি হয়েছে। এতে হাতের ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে তার হাত গুরুতর জখম হয়েছে। হাতটি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”