প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:০৩ এএম
সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে আরিফুর রহমান শান্তর নামে পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’- এমন একটি পোস্ট প্রকাশিত হয়। এর কয়েক মিনিট পর একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনার পর জামালগঞ্জের ইউএনও শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হওয়ার কথা উল্লেখ করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
পরবর্তী সময়ে আরিফুর রহমান শান্তর ফেসবুক পেজ থেকে বিতর্কিত পোস্ট দুটি সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পাশাপাশি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
সর্বশেষ রবিবারের প্রজ্ঞাপনের মাধ্যমে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।