শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ এএম
চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্বজনেরা বাড়ির আঙিনায় তার দাফন সম্পন্ন করেন।
উপজেলার খুলশী মিয়াজী বাড়িতে রবিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবারে বেলা ১১টার দিকে নুরুল ইসলাম মিয়াজী মারা যান। তার দাফনের প্রস্তুতি নেওয়ার সময় একই বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাধা দেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বিরোধের সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ির আঙিনায় তাকে দাফনের সিদ্ধান্ত নেন স্বজনেরা।
নুরুল ইসলামের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার পাঁচ মেয়ে, কোনো ছেলে নেই। পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের দাফন করা হলেও বিব্রতকর পরিস্থিতি এড়াতে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নুরুল ইসলামের ভাতিজা মাহবুবুর আলম বলেন, এটি তাদের পারিবারিক কবরস্থান। সম্পত্তি নিয়ে মো. আলম কিছুদিন আগে আদালতে মামলা করেছেন। তবে আদালত কোনো নিষেধাজ্ঞা বা রায় দেননি।
অন্যদিকে, প্রবাসী মো. আলম মুঠোফোনে ওই সম্পত্তি নিজের দাবি করে বলেন, এটি নিয়ে পাকিস্তান আমল থেকে বিরোধ চলছে। নুরুল ইসলাম তাকে মারতে এসেছিলেন এবং তার সম্পত্তির ধান নষ্ট করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
বাদ আসর জানাজার কথা থাকলেও বাধার কারণে বাদ এশা জানাজা শেষে বাড়ির আঙিনায় নুরুল ইসলামকে দাফন করা হয়।