জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪০ পিএম
গাজীপুরের কাপাসিয়ার কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান খান আধুনিক পদ্ধতিতে সাম্মাম চাষ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় যে জমিতে ঘাস-আগাছা জন্মাত, এখন সেখানে ঝুলছে সারি সারি বিদেশি ফল। দূর থেকে দেখতে অনেকটা তরমুজের মতো। তবে নাম সাম্মাম, পরিচিত ‘রক মেলন’ নামেও।
সাম্মাম মূলত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনপ্রিয় একটি সুস্বাদু, মিষ্টি ও সুগন্ধিযুক্ত গ্রীষ্মকালীন ফল। আর এই মরুর ফল চাষেই এখন নতুন স্বপ্ন বুনছেন গাজীপুরের কাপাসিয়ার কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান খান।
উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান আধুনিক পদ্ধতিতে সাম্মাম চাষ করেছেন। মালচিং ফিল্ম ব্যবহার করে গাছের পরিচর্যা করছেন তিনি। ইতোমধ্যে বাগান থেকে প্রথম দফায় প্রায় ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। মোট ৬ থেকে ৭ লাখ টাকার সাম্মাম বিক্রির আশা করছেন তিনি।
তবে এই স্বপ্নের শুরুটা যত আকর্ষণীয়, এর পেছনের হিসাবটা ততটাই কঠিন। বর্গা জমি, চারা, শ্রমিক, সার, সেচ, মালচিং ও পরিচর্যাÑ সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি।
সম্প্রতি তরগাঁও ইউনিয়নের উত্তর খামার এলাকায় কামরুজ্জামনের বাগানে গিয়ে দেখা যায়, জমির ওপর সারি সারি মালচিং ফিল্ম। নির্দিষ্ট দূরত্বে লাগানো চারাগুলো বড় হয়ে ছড়িয়ে পড়েছে। মাচা বেয়ে ওপরে উঠেছে লতা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে ফল। কোথাও ছোট ফল, কোথাও আবার পেকে ওঠার অপেক্ষায় ঝুলছে বড় বড় সাম্মাম। বাগানের পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরাও।
কৃষক কামরুজ্জামান খান বলেন, এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে প্রথম দফায় ৫০ হাজার টাকার মতো সাম্মাম বিক্রি করেছি। কোনো সমস্যা না হলে বাকি ফল ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রির আশা করছি। ফল স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকার আড়তে পাঠানো হচ্ছে। বর্তমানে পাইকারের কাছে প্রতি কেজি সাম্মাম ৮০-১০০ টাকায় বিক্রি করছেন।
তিনি বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে সাম্মাম চাষ করছি। এখন পর্যন্ত লোকসান হয়নি। এ উদ্যোগের মাধ্যমে নিজের পরিবারের পাশাপাশি কয়েকজন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামীতে বিদেশি ফলের আবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার।
এদিকে নতুন এ ফলের বাগান দেখতে আশপাশের কৃষকেরাও আসছেন। অনেকেই জানতে চান চারা কোথা থেকে পাওয়া যায়, এক বিঘায় কত খরচ হয়, কত দিনে ফল আসে, বাজারদর কেমন।
কৃষি বিভাগের হিসাবে উপজেলার তরগাঁও, টোক, বারিষাব ও সনমানিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর অববাহিকার দোআঁশ মাটি সাম্মাম চাষের জন্য সম্ভাবনাময় হতে পারে।
উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদ বলেন, রক মেলন বা সাম্মাম সাধারণত ৭৫ থেকে ৯০ দিনের মধ্যে সংগ্রহের উপযোগী হয়। সঠিক পরিচর্যা ও বাজারদর পাওয়া গেলে প্রতিবিঘা জমি থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে উৎপাদন খরচের হিসাব সব জমিতে এক নয়। জমির ধরন, শ্রমিকের মজুরি, সেচ, উপকরণ ও ব্যবস্থাপনার ওপর ব্যয় কমবেশি হতে পারে।
কৃষি বিভাগের পরামর্শ, বাজার বিশ্লেষণ এবং উৎপাদন খরচের হিসাব করে সাম্মাম চাষ সম্প্রসারণ করা গেলে কাপাসিয়ায় এ ফলের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হতে পারে।