× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটিরাঙ্গার হর্টিকালচার সেন্টার

শোভা ছড়াচ্ছে ‘চাইনিজ ল্যান্টার্ন’

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৩৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারে শোভা ছড়াচ্ছে ‘চাইনিজ ল্যান্টার্ন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারে শোভা ছড়াচ্ছে ‘চাইনিজ ল্যান্টার্ন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সবুজে ঘেরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টার। প্রবেশদ্বারে পা রাখতেই চোখে পড়ে ডালে ডালে ঝুলতে থাকা লালচে-কমলা ধরনের ফুলগাছ।

দূর থেকে মনে হয় যেন সারি সারি লণ্ঠনের মেলা, আর কাছে গেলে মনে হয় বৃক্ষকন্যার কানে দুলছে প্রকৃতির নিজস্ব রঙিন ঝুমকো! প্রকৃতির এই শিল্পকর্মের নাম ‘চাইনিজ ল্যান্টার্ন’। নানা প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদে ঘেরা হর্টিকালচার সেন্টারের নিবিড় সবুজে এই ফুল যোগ করেছে এক অনাবিল নান্দনিক মাত্রা।

ফুলটির বৈজ্ঞানিক নাম Callianthe picta, ইংরেজিতে ‘পেইন্টেড ম্যালো’ নামেও ডাকা হয়। দেশে এটি ‘লণ্ঠন জবা’ বা ‘লণ্ঠন ফুল’ নামেও পরিচিত। এর আদি নিবাস লাতিন আমেরিকার দক্ষিণ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

এ ফুলের আসল বৈশিষ্ট্য তার বিন্যাসে। অন্য ফুলের মতো এটি ডালের ডগায় একা ফোটে না। অর্থাৎ পত্রকক্ষ থেকে একটি করে ফুল নিচের দিকে ঝুলে পড়ে। ফুলের গড়ন ছোট ঘণ্টা, রাজকীয় ঝুমকো কিংবা উৎসবের কাগজের লণ্ঠনের মতো। একসঙ্গে শত শত ফুল ফুটলে ডাল ও পাতার ফাঁকে তৈরি হয় ঝুলন্ত ফুলের এক অপরূপ কোলাজ। 

ফুলের রঙ লাল, সাদা, হলুদসহ নানা রকম হয়। পাতার গাঢ় সবুজের পাশে উজ্জ্বল লালচে-কমলা রঙের বৈপরীত্য গাছটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলে। দেখতে জবা ফুলের মতো মনে হলেও এই গাছের পাতা জবা গাছের মতো নয়। অল্প পরিচর্যাতেই বেড়ে ওঠে বলে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে সহজেই নজর কাড়ে। 

হর্টিকালচারে ঘুরতে আসা দর্শনার্থী সুফিয়া বেগম বলেন, ‘দূর থেকে মনে হয়েছিল গাছে কে যেন ছোট ছোট লাইট বা লণ্ঠন টাঙিয়ে রেখেছে। কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম এগুলো তো তাজা ফুল! পাতার গোড়ায় গোড়ায় এমন নিখুঁতভাবে ফুটে আছে যে ঠিক কানের ঝুমকোর মতো লাগে।’

হর্টিকালচার সেন্টারের শ্রমিক আব্দুস সামাদ বলেন, ‘অল্প পরিচর্যাতেই গাছটি বেড়ে ওঠে ও ফুল দেয়। ঝুলন্ত ফুলগুলো সহজেই মানুষের নজর কাড়ে।’

মাটিরাঙ্গার উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘শোভাবর্ধনকারী উদ্ভিদের ক্ষেত্রে শুধু ফুলের চমৎকার রঙই শেষ কথা নয়। ফুলের আকৃতি, অবস্থান ও ডালে তার সাজানো বিন্যাসও খুব গুরুত্বপূর্ণ। চাইনিজ ল্যান্টার্নের ক্ষেত্রে পাতার গোড়া থেকে ঝুলন্ত রূপই এর প্রধান নান্দনিকতা। ফুলগুলো একসঙ্গে ফুটলে দূর থেকেই যে কারও নজর কেড়ে নেয়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা