নিহত রুবেল।
পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর মো. রুবেল। প্রবাসে কঠোর পরিশ্রম করে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মায়ের মুখে হাসি ফোটানোই ছিল তার লক্ষ্য। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে থমকে গেছে সেই স্বপ্ন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। দেশে ফেরার অপেক্ষায় থাকা পরিবারকে এখন প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার প্রহর গুনতে হচ্ছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ আফ্রিকায় দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুবেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নিহত মো. রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।
জীবিকার তাগিদে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে তার ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে চাকরি করতেন। দেশে তার স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছেন।
রবিবার রাতে নিহত রুবেলের বাড়িতে গিয়ে স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশ দেখতে পান প্রতিবেদক।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং অসহায় পরিবারটির জন্য সরকারি সহায়তার প্রত্যাশা করছেন।
রুবেলের ছোট ভাই মো. জুয়েল বলেন, “আমার বাবা আগেই মারা গেছেন। রুবেল ভাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি আশা করেছিলেন, ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলে দেশে আসবেন। কিন্তু এখন তিনি আর জীবিত ফিরবেন না।”
স্থানীয় বাসিন্দা মো. ওমর শাহেদ রিশাদ বলেন, “পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। অবুঝ দুটি সন্তানকে রেখে গেছেন রুবেল। আমরা চাই, সরকার যেন শোকাহত পরিবারটির পাশে দাঁড়ায়।”
নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, “প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশির প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।”