রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:৩৬ পিএম
সাজেকে চলমান অবরোধ ও আন্দোলন নিয়ে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা এসেছে। অবরোধের কারণে রবিবার চতুর্থ দিনের মতো সড়কে যান চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্রও।
এদিন সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালংয়ের ১৪ কিলোসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালংয়ের ১৪ কিলোসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সড়কে আগুন জ্বালিয়ে শান্তিপূর্ণ অবরোধ পালন করা হচ্ছে। আমাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
এদিকে সাজেকে চলমান অবরোধ ও আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির এমপি দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় হেডম্যান-কারবারিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে যেহেতু কারবারি অ্যাসোসিয়েশনের নাম এসেছে, সে কারণে আমরা হেডম্যান ও কারবারিদের নিয়ে বসেছি। আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। তিনি জানান, সভায় রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
সাজেক বন্ধে খাগড়াছড়ির পর্যটন ব্যবসায় ধস : অপরদিকে সাজেক পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের অবরোধে পর্যটকদের যাতায়াত ব্যাহত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খাগড়াছড়ির পর্যটননির্ভর ব্যবসায়ীরা। পর্যটক কমে যাওয়ায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে দেখা দিয়েছে স্থবিরতা। অন্যদিকে পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত চালক ও শ্রমিকদের অনেকেই কাজ না পেয়ে অলস সময় পার করছেন। এতে আয়-রোজগার বন্ধ হয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ব্যবসায়ীদের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে চলমান লোকসান আরও বাড়বে। পর্যটন মৌসুমে পর্যটকদের আনাগোনা বাড়ার যে প্রত্যাশা ছিল, তাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোটেল-মোটেলের কক্ষ খালি পড়ে থাকা, আগাম বুকিং কমে যাওয়া এবং পরিবহনসেবা থেকে আয় না আসায় চাপে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সাজেককেন্দ্রিক পর্যটকদের একটি বড় অংশ খাগড়াছড়ি শহরে অবস্থান করেন। অনেকে শহরের হোটেল-মোটেলে রাত কাটিয়ে পরদিন সাজেকের উদ্দেশে রওনা হন। ফলে সাজেক বন্ধ থাকায় পর্যটকদের আগমন কমে যাওয়ার প্রভাব পড়ছে আবাসন ব্যবসায়ও।
সাজেকের পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু সাজেক নয়, খাগড়াছড়ির পর্যটননির্ভর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি।