শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণে অনিয়ম
খুলনা অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:৩৪ পিএম
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
একটি মামলায় কাজ না করেই ঠিকাদারকে এক কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান এবং আরেকটি মামলায় ঠিকাদারের অনুকূলে অর্থছাড় করে ১১ কোটি ১৯ লাখ টাকা রাজস্ব হিসেবে স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।
উভয় মামলায় দুই ঠিকাদারের পাশাপাশি কেডিএর ছয় প্রকৌশলীকে আসামি করা হলেও বিল অনুমোদন ও অর্থছাড় প্রক্রিয়ায় যুক্ত থাকা চেয়ারম্যান, সচিব এবং দুই সদস্য রয়েছেন মামলার বাইরে। ফলে প্রশ্ন উঠেছে, প্রকল্পের অনিয়মের দায় কি শুধু ঠিকাদার ও প্রকৌশলীদের, নাকি সিদ্ধান্ত গ্রহণের শীর্ষ পর্যায়ও জবাবদিহিতার আওতায় আসবে?
দুই মামলার আসামিরা হলেনÑ ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
একই ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ১৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। কেডিএর সদস্য (উন্নয়ন) এসএম মাহমুদুর রহমান, সদস্য (প্রশাসন) মো. ইকবাল হোসেন ও সাবেক সচিব মো. বদিউজ্জামানের বিরুদ্ধে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং অন্য ১১ জনের বিরুদ্ধে কেডিএতে বিভাগীয় মামলাও হয়েছে। কিন্তু দুদকের মামলায় ওই তিন কর্মকর্তাকে আসামি করা হয়নি।
কেডিএর কর্মকর্তা ও ঠিকাদারদের অভিযোগ, প্রকল্পের কাজ চলাকালে চেয়ারম্যান ও সদস্যরাই সার্বিক কার্যক্রম দেখভাল করতেন। বিল প্রস্তুত থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বেশিরভাগই নিতেন শীর্ষ কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের দাবি, ২০২৪ সালের জুনে প্রকল্পের অনুকূলে বরাদ্দ থাকা ১৩ কোটি টাকার বিল তৈরির নির্দেশ দেন চেয়ারম্যান ও সচিব। তাদের নির্দেশেই অধস্তন প্রকৌশলীরা বিল প্রস্তুত করেন। কেডিএর নথি অনুমোদন ও বিল পরিশোধের নির্দেশিকায় দেখা যায়, নিম্নমান সহকারী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত ধাপ পেরিয়ে বিলের নথি সদস্য (প্রকৌশল), সচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) এবং চেয়ারম্যানের অনুমোদনের জন্য যায়। এরপর চেয়ারম্যান ও সচিব যৌথভাবে বিলে স্বাক্ষর করেন। কিন্তু মামলায় তাদের কাউকেই আসামি করেনি দুদক।
এ প্রসঙ্গে দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, প্রাথমিক অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে।
খুলনা মহানগর নাগরিক ফোরামের কো-চেয়ারম্যান সরদার আবু তাহের বলেন, পুরো বিষয়টি দুঃখজনক। দীর্ঘ ১৩ বছর মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। শিপইয়ার্ড সড়কের অনিয়ম-দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পুনঃতদন্ত করতে হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ মে একনেকে অনুমোদন পায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। প্রাথমিক ব্যয় ছিল ৯৮ কোটি টাকা। দীর্ঘ ১৩ বছরেও কাজ শেষ হয়নি। উল্টো ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকায়। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর সড়কটিতে অভিযান চালায় দুদক। সড়কের কাজের ধীরগতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানও তদন্তের নির্দেশ দেন। গত সেপ্টেম্বর মাসে পৃথক দুটি তদন্ত শেষ হয়।