গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:২৭ পিএম
গোপালগঞ্জ সদর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রবিবার বিকালে সদর থানার এসআই মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে। এ সময় এসআই মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছ। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।