বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম
বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে পুলিশের ২৭ কর্মকর্তা ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, পুলিশ বাহিনীর ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদক নির্মূলে চলতি বছরে ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেবে সরকার। তবে একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পর্যাপ্ত অবকাঠামো পুলিশের নেই। এজন্য নতুন প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে জানান তিনি। পুলিশ প্রধান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। মাদক নির্মূল করতে হলে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার বাইরে এসে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পেছনে থাকা প্রভাবশালীদেরও আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেউ মাদক কারবারে বা অপরাধের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে। বিশেষ করে মাদক নির্মূলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিজেদের আগে অপরাধমুক্ত হতে হবে। আইজিপি বলেন, বস্তিসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার থাকলেও সেখানকার অধিকাংশ মানুষই ভালো। অল্প কিছু মানুষ মাদক ব্যবসা ও অপরাধের সঙ্গে জড়িত। কিছু ‘হোয়াইট-কলার’ অপরাধী রাজনৈতিক পরিচয় ও ক্ষমতা ব্যবহার করে দরিদ্র মানুষকে মাদকের সঙ্গে যুক্ত করছে। এভাবে মাদক ব্যবসায়ীরা নিজেদের অপরাধের নেটওয়ার্ক বিস্তৃত করছে।
সামাজিক মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ডিজিটাল প্লাটফর্মে ছড়ানো সব তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।