প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম
প্রতিকী ছবি
বগুড়া, মেহেরপুর ও জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বগুড়া : বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ মামলায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
মেহেরপুর : মেহেরপুর শহরের নতুন পাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার নুরন্নেছার ছেলে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।