প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:১৭ পিএম
প্রতিকী ছবি
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া ও ভাগ্নের হাতে মামা নিহত হয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে উদ্ধার করা হয়েছে দুই লাশ। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
খুলনা : খুলনা নগরীর বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটিয়া মারা গেছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করেছে পুলিশ। সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করা হয়েছে।
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগিনা মিলনের বিরুদ্ধে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার কোড়েরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া বাঙ্গরা এলাকার কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ভাঙ্গারি ব্যবসায়ী। অভিযুক্ত রিপন কোরবানপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে এবং নিহতের আপন ভাগিনা। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মামা-ভাগিনার বিরোধের জেরে ভাগিনা মামাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে মারধরের শিকার হওয়ার পর ইয়াসিন (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকার হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার এসআই শামসুদ্দোহা জানান, মারধরের অপমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মহালছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মহালছড়ি থানা পুলিশ গৃহবধূর মরদেহটি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। নিহত মাহফুজা আক্তার মনি উপজেলা সদর ইউনিয়নে মজিবুর রহমানের মেয়ে। মাহফুজার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। মহালছড়ি থানার ওসি মির্জা জহির উদ্দিন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।