× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাকুরিচ্যুত ২৫০–৩০০ কর্মীর

পাঁচ বছরেও মেলেনি পাওনা, মানবেতর জীবনযাপন ইউএসটিসির শ্রমিকদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ২৩:১২ পিএম

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ)

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ)

করোনাকালে চাকরি হারানোর পাঁচ বছর পেরিয়ে গেলেও বকেয়া বেতন, বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পাননি চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এবং এর অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) সাবেক শ্রমিক-কর্মচারীরা। চাকরি হারিয়ে দীর্ঘদিন বেকার থাকা, আর্থিক সংকট এবং ইউনিয়ন প্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক মামলার কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।

 

ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের দাবি, প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. কামরুল হাসানের যোগসাজশে ২০২০ সালের এপ্রিল মাসে করোনা ভাইরাস মহামারির মধ্যে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রায় ২৫০ থেকে ৩০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। তাঁদের অনেকেই ২০ থেকে ২৫ বছর ধরে প্রতিষ্ঠান দুটিতে কাজ করেছেন। দীর্ঘদিন চাকরি করেও আইন অনুযায়ী প্রাপ্য বেতন, বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ না পাওয়ায় তাঁদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে।

 

শ্রমিকদের অভিযোগ, চাকরিচ্যুতির পর পাওনা আদায়ে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও কার্যকর প্রতিকার মেলেনি, বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ঘনিষ্ঠ ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়াকে দিয়ে চারটি মামলা দায়ের করানো হয়েছে শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের বিরুদ্ধে। এতে পাওনা আদায়ের প্রচেষ্টার পাশাপাশি আইনি লড়াই চালাতেও তাঁদের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

 

শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছি। ইউএসটিসি আমাদের পাওনা বুঝিয়ে না দিয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। কোনো মামলাতেই ইউএসটিসি জিততে না পারলেও মামলা দেওয়া বন্ধ করছে না।’

 

সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান বলেন, করোনাকালীন সময়ে জনসমাগমে বিধিনিষেধ আরোপের কারণে শ্রমিকদের আন্দোলনের সুযোগ না থাকাকে ঢাল বানিয়ে একসঙ্গে এতো সংখ্যক কর্মীকে চাকুরিচ্যুতি করা হয়। একইসঙ্গে সেখানে করোনাক্রান্ত প্রশাসনের উচ্চপদস্থদের চিকিৎসার অজুহাত দেখিয়ে ঘোষণা করে সেবামূলোক প্রতিষ্ঠান হওয়ায় কোনো শ্রমিক বা ইউনিয়ন তাদের কাছে পাওনা চাইতে পারে না।


আজিজুর রহমান আরও বলেন, চাকুরিচ্যুতির ঘটনায় ইউনিয়নের পক্ষ থেকে শ্রম আদালতে মামলা করা হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্ন আদালতের মামলাটি উচ্চ আদালতে নিয়ে স্থগিতাদেশ করিয়ে রাখা হয়েছে। যার কারণে নিম্ন আদালতে মামলা চলতে না পারায় চাকুরিচ্যুত শ্রমিকরা আইনগত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। 

 

ইউনিয়নের তথ্য অনুযায়ী, শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় ২০২০ সালের ১০ মে দেওয়া এক চিঠিতে শ্রমিক ছাঁটাই প্রত্যাহার এবং শ্রম আইন অনুসরণ করে পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়েও বিষয়টি জানানো হয়। তবে এত দিনেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি শ্রমিকদের।

 

ইউনিয়নের দেওয়া নথিতে শ্রমিক প্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন আইনে একাধিক মামলার উল্লেখ রয়েছে। তাঁদের দাবি, চাকরিচ্যুতি ও পাওনা আদায়ের বিষয়ে ন্যায়বিচার চাওয়ায় তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। মামলাগুলোর নিরপেক্ষ পর্যালোচনাও চান তাঁরা।

 

 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের তৎকালীন পরিচালক মুহাম্মদ নাসিরউদ্দীন বিনা কারণে কর্মীদের ছাঁটাই করা হয়েছে উল্লেখ করে এক লিখিত আদেশে চাকুরিতে পুনর্বহাল ও পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ ইউএসটিসি কেন তা বাস্তবায়ন করেনি, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা।

 

চাকরিচ্যুত শ্রমিকদের দাবি, তাঁদের বকেয়া বেতন, বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ নির্ধারণ করে দ্রুত পরিশোধের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চাকরিচ্যুতির প্রক্রিয়ায় শ্রম আইন লঙ্ঘন হয়েছে কি না এবং ইউনিয়ন প্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ভিত্তি কী, তা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন তাঁরা।


এদিকে বিনা কারণে কয়েকশ’ কর্মী ছাঁটাই, বকেয়া বেতন-বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ না করা, শ্রমিকদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানিসহ স্পর্শকাতর সব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউটিসির রেজিস্ট্রার দিলীপ বড়ুয়াকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা