রংপুর অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম
প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার সপ্তাহ না যেতেই বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক। নগরীর হাজীপাড়া মোড় এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে তড়িঘড়ি করে সংস্কার করা রংপুর-দিনাজপুর মহাসড়ক সপ্তাহ না যেতেই আবার বেহাল দশায় ফিরে গেছে।
গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের সিও বাজার বিজিবি সদর দপ্তর পর্যন্ত এলাকাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করেছে; কিন্তু নিম্নমানের কাজের জন্য মাত্র দুই থেকে সাত দিনের ব্যবধানেই সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। নতুন বসানো সিমেন্টের ব্লকগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়ায় একই স্থানে সওজকে আবারও জোড়াতালি দিয়ে সংস্কারকাজ শুরু করতে হয়েছে। এর ফলে এই মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের পুরনো ভোগান্তি আবার ফিরে এসেছে।
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেসব জায়গায় পুনরায় সংস্কারকাজ করা হচ্ছে। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের ১৭ কিলোমিটার সংস্কারকাজ করা হয়েছিল। কিন্তু বছর না যেতেই সেই সড়কের কার্পেটিং উঠে যাওয়া ও বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। গর্তগুলোতে ইট দিয়ে ভরাট করায় যান চলাচলে দুর্ভোগ আরও বেড়েছে বলে জানিয়েছেন পরিবহন চালকরা।
এক বছর আগে এই রাস্তা ঠিক করা হলেও আবার রাস্তার অবস্থা আগের মতোই বেহাল হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে যে তড়িঘড়ি করে রাস্তা ঠিক করা হয়েছে, তার সব টাকাই জলে গেছে।
রংপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কামাল পাশা বলেন, ‘রংপুর-দিনাজপুর মহাসড়কে ওভারলোডের কারণে সড়কটি টেকসই হচ্ছে না। আমরা সংস্কার কাজ করছি, বারবার সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের ফাউন্ডেশন খারাপ থাকার কারণে সংস্কারকাজ টিকছে না। এই সড়ক নতুন করে নির্মাণ করা ছাড়া উপায় নেই।’