নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২১:০৮ পিএম
সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশ অবরোধ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশ অবরোধ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
রবিবার দুপুরে ১২টা থেকে দেড়টা পযন্ত এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এ সময় তারা মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়ামুখী লেনে যান চলাচল বন্ধ করে দেন।
পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে মহাসড়কের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়। বিক্ষোভকারীরা সড়কটির সাইনবোর্ড-চাষাঢ়া লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে যান চলাচলে বন্ধ হয় এবং প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধকালে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে দুপুর দেড়টায় বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।