কোনো কাজে আসছে না মৎস্য অবতরণ কেন্দ্র
ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৫৮ পিএম
প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ভোলায় নির্মিত হয়েছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ভোলায় নির্মিত হয়েছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। আশার আলো দেখেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। কিন্তু বরফকল ও অন্যান্য সুবিধা না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছেন ভোলার মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ফলে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের কোনো কাজে আসছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি।
এদিকে ভবন হস্তান্তরের প্রায় সাত মাস পার হলেও এখনও উন্মুক্ত হয়নি ব্যবসায়ী ও জেলেদের জন্য অবতরণকেন্দ্রটি। বর্তমানে এটি স্থানীয় বাসিন্দা ও জেলেদের আড্ডা দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। এতে ক্ষুব্ধ মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
ভোলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের দিকে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ শীর্ষক প্রকল্পরে আওতায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথায় মৎস্যঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। আর নির্মাণকাজ শেষ হয়েছে চলতি বছর মার্চ মাসের দিকে। ঠিকাদার প্রতিষ্ঠান ভবন হস্তান্তরকরণ ভোলা মৎস্য বিভাগের কাছে। কিন্তু হস্তান্তরের সাত মাসেও এখনও ব্যবসায়ী ও জেলেদের জন্য উন্মুক্ত হয়নি অবতরণকেন্দ্রটি।
এদিকে সরেজমিনে গিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৎস্য অবতরণকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হলে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের মাঝে আনন্দ বিরাজ করে। আধুনিকতার ছোঁয়ার আশা করছিলেন তারা। কিন্তু তাদের সেই আনন্দ ও আশা ভবন নির্মাণকাজ শেষ হওয়ায়র আগেই শেষ হয়ে যায়। মৎস্য ব্যবসায়ী ও জেলেদের দাবি, প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হলেও এখানে মৎস্যজীবীদের জন্য বরফকল, কোন্ড স্টোরেজসহ অন্যান্য সুবিধা না রাখায় হয়নি। ফলে ক্ষোভ মৎস্য ব্যবসায়ী ও জেলেদের।
মৎস্য ব্যবসায়ী আব্বাস ব্যাপারী বলেন, ‘আমাদের ঘাটে মৎস্য অবতরণ কেন্দ্র হওয়ার খবরে খুশি হয়েছি। কিন্তু কাজ শেষে দেখলাম এখানে আমাদের মৎস্য ব্যবসায়ীদের যে মূল বরফকল, কোন্ড স্টোরেজ, ডিজিটাল স্কেলসহ অন্য মেশিনারিজ কিছু নেই। তাহলে আমাদের কী কাজে আসবে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। আমরা কি পাকা ভবনে গিয়ে মাছ বিক্রি করার জন্য এখানে যাব। মৎস্য ব্যবসায়ীদের কাজে আসবে, এমন কিছু না থাকলে কেন যাব আমরা। বর্তমানে খোলা জায়গায় মাছ বেচা-বিক্রি করছি বরফ ভোলা থেকে আনছি। তা-ও ভালো।’ তার দাবি, মৎস্য ব্যবসায়ীদের কোনো কাজে আসবে না এই অবতরণকেন্দ্রটি।
এই ঘাটের ব্যবসায়ী মো. নিরব ব্যাপারী ও মো. মহিউদ্দিন ব্যাপারী বলেন, ‘অবতরণকেন্দ্রে আমাদের ব্যবসায়ীর জন্য কোনো কিছু করা হয়নি। শুধু পাকা ভবন ছাড়া আমাদের কোনো কাজেই আসবে না। এ ছাড়া ভেতরে মাছ বিক্রির করার জন্য গদি ও মাছের বক্স করা হয়েছে, যেখানে মাছ রেখে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে নিলামে ডেকে মাছ বিক্রি করা হবে। সেই বক্সের চারদিকে ৩-৪ জনের বেশি দাঁড়াতে পারবে না। অথচ মাছ নিলাম ডাকার সময় এক গদি বা বক্সে অন্তত ২০-৩০ জন আবার তারও বেশি লোকজন থাকে। সেটারও ঠিকমতো করা হয়নি।’
অন্যদিকে জেলে ইসমাইল মাঝি, জুলাস মাঝি ও বিল্লাল মাঝি বলেন, ‘আগে কাঠির মাথার মৎস্যঘাট ছিল নদীর সঙ্গে। আমরা নৌকা ও ট্রলার তীরে বেঁধে রেখে মাছ বিক্রি করতে যেতাম। কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র হওয়ায় সে জায়গা এখন নেই। ঠিকাদার আমাদের নৌকা ও ট্রলার রাখার কোনো স্থান রাখেননি। এমনকি আমরা যে নদী থেকে এই অবতরণ কেন্দ্রে নৌকা বা ট্রলার ভিড়াব সেই জায়গা রাখা হয়নি। এখন আমরা নৌকা ও ট্রলার বাঁধব কোথায়। এটা হওয়ার আগে ঠিকাদারের লোকজন বলছে, নৌকা ও ট্রলার রাখার আধুনিক ব্যবস্থা করা হবে। কই, এখন সেই স্থান।’
অন্যদিকে কাঠির মাথা মৎস্যঘাট থেকে কিছু দূরের ভোলার তুলাতুলি মৎস্যঘাটের আড়তদার মো. ইউনুছ ও কামাল হোসেন জানান, মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের স্থান নির্বাচনেও ভুল জায়গা নেওয়া হয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রটি ভোলা সদরের সবচেয়ে ছোট মৎস্যঘাট কাঠির মাথায় স্থাপিত হওয়ায় সেখানে জমবে না মাছ বেচা-বিক্রি। এ ছাড়া কোনো বরফকল ও কোন্ড স্টোরেজ না থাকায় যাচ্ছেন না তারা সেখানে। তবে অবতরণকেন্দ্রটি যদি তুলাতুলি বা ভোলার খাল অথবা ইলিশা জংশন এলাকায় হতো তাহলে বেশ জমজমাট হতো বলে দাবি করেন তারা।
এ বিষয়ে কাঠির মাথা মৎস্য অবতরণ কেন্দ্রের ঠিকাদার মো. শহিদুল ইসলাম জানান, অবতরণকেন্দ্রের সিঁড়ি টাইলসের। জেলেরা নৌকা লাগিয়ে ভেঙে ফেলেছে। এখানে ঠিকাদার নিম্নমানের কোনো কাজও করেননি বলে দাবি করেন তিনি।
তবে বরিশাল মৎস্য বিভাগের নির্বাহী প্রকৌশলী গৌতম কুমার সাহা ঠিকাদারের ভাষায় কথা বলে সব অভিযোগ অস্বীকার করে জানান, ঠিকাদারকে সব ভুলত্রুটি সংশোধন করতে বলা হয়েছে। ঠিকাদার সব করেছে। এ ছাড়া নিম্নমানের কাজ হয়নি দাবি করে সাংবাদিকদের ভবনের ম্যাটারিয়াল টেস্ট করার জন্য বলেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা এটি চালু করার জন্য কাঠির মাথা মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কয়েক দফা কথা বলেছি। কিন্তু প্রতিবারই মৎস্য আড়তদার বা ব্যবসায়ীরা বলছেন, এখানে বরফকলসহ অন্যান্য সুবিধা নেই তাই তারা সেখানে যেতে চান না। এসব কারণে এটি এখন চালু করা সম্ভব হয়নি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আড়তদাররা ভবনে বিভিন্ন সুবিধা নেই বলে দাবি করেন কিন্তু প্রকল্পে যা আছে তার বাইরে তো কিছু করার সুযোগ নেই।
এ ছাড়া অবতরণকেন্দ্রটি স্থান নির্ধারণের ক্ষেত্রে সঠিক হয়নি বলে স্বীকার করে তিনি আরো বলেন, যদি এটি ইলিশা কিংবা তুলাতুলি অথবা ভোলার খাল মৎস্যঘাটের হতো তাহলে এত দিন এটি চালু হয়ে যেত।