নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রবিবার সন্ধ্যায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মিলিত প্রবারণা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বর্ণিল ফানুস উৎসবেরও আয়োজন করা হয়।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এ নগরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ নগরী গড়াই লক্ষ্য।
বৌদ্ধ ধর্মে পদ্মফুলের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরে মেয়র বলেন, “সেই ভাবনা থেকেই বৌদ্ধ মন্দিরের সামনে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় গুরুদের পরামর্শ অনুযায়ী স্থানটি আরও নান্দনিকভাবে সাজানো হবে। বৌদ্ধ সম্প্রদায়ের নতুন নকশা ও পরামর্শও বিবেচনায় নেওয়া হবে। এই পদ্ম মোড় আরও সুন্দর করে সাজিয়ে দেব।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী উল্লেখ করে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে পরিণত করতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে নগরীর কালুরঘাট এলাকায় জমি দেওয়ার কথা উল্লেখ করে চসিক প্রশাসক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “জগতের সকল প্রাণী সুখী হোক।”
অনুষ্ঠানে নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু পদ্ম স্থাপনের উদ্যোগের জন্য চসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মোড়টি আরও দৃষ্টিনন্দন করার আহ্বান জানান। অশান্ত বিশ্বে শান্তি ও সুখ কামনা করে তিনি প্রার্থনা করেন।
সম্মিলিত প্রবারণা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।