চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৫২ পিএম
প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধবিহারে ফানুস উত্তোলন করেন ভক্ত ও দর্শনার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
রবিবার নগরের বিভিন্ন বৌদ্ধবিহারে পূজা, ভিক্ষুসংঘকে পিণ্ডদান ও প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় নগরের নন্দনকানন বৌদ্ধবিহারে ফানুস উত্তোলনকে কেন্দ্র করে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। রঙিন ফানুসের আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগরের নন্দনকানন বৌদ্ধবিহার, কাতালগঞ্জের নবপণ্ডিত বিহার, পাথরঘাটার জেতবন শান্তিকুঞ্জ বিহার, ইপিজেড সার্বজনীন বৌদ্ধবিহার, মৈত্রী বনবিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার, মোগলটুলীর শাক্যমুণি বৌদ্ধবিহার ও বন্দর বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব বিহারে পুণ্যার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী রুবেল বড়ুয়া জানান, এক দিনের এই আয়োজনের প্রস্তুতি চলে কয়েক মাস ধরে। ফানুস তৈরি, বাঁশের কাঠামো নির্মাণ, কাগজ লাগানো, রং করা ও মোম প্রস্তুতসহ প্রতিটি কাজে সংগঠনের সদস্যরা যুক্ত থাকেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ কারণে নিরাপত্তা ও নজরদারিতে কোনো ছাড় দেওয়া হয়নি।