× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৪৫ পিএম

পার্বতীপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

পার্বতীপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির রাস্তার জমি নিয়ে পারিবারিক বিরোধ মেটাতে গেলে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উপজেলার রাবেয়া বাজারসংলগ্ন সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়ার মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি পূর্ব সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আজিজুল মাস্টারের বসতবাড়িসংলগ্ন রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তার সহযোগীদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রবিবার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় বিরোধ মীমাংসা এবং পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে আসাদুজ্জামান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জনের ওপর হামলা চালান। সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পাশের ধানখেতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। 

পরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল ওয়াদুদ জানান, পারিবারিক বিরোধের জেরে শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।

অন্যদিকে, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী জানান, ঘটনাস্থলটি চিরিরবন্দর উপজেলার সীমানাসংলগ্ন পার্বতীপুরের রাবেয়া বাজার এলাকায়। জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা