এনায়েতুর রহমান, পটুয়াখালী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:৩০ পিএম
স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিবার সকালে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে দুই দিনের উৎসব শেষ হয়েছে। ফিরেছে স্বাভাবিক ছন্দ। পর্যটক-দর্শনার্থীদের বিপুল সমাগম, সাংস্কৃতিক অনুষ্ঠান আর উৎসবের আমেজে মুখর ছিল পর্যটনকেন্দ্র কুয়াকাটা।
শুক্রবার (২৩ অক্টোবর) ও শনিবার (২৪ অক্টোবর) ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’ শেষ হয়েছে। এতে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কিন্তু আয়োজনে ছিল নানা অসংগতি। বিশেষ করে তথ্যসেবার ঘাটতি, আবাসিক হোটেল ও যানবাহনের অতিরিক্ত ভাড়া, রেস্তোরাঁয় খাবারের অধিক মূল্য এবং সৈকতের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উত্থাপিত হেয়েছে।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড় ছিল। এর সঙ্গে যুক্ত হয় নয় বছর পর আয়োজিত পর্যটন কার্নিভাল। ফলে সৈকত ও অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচুর মানুষের সমাগমের মধ্যেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভাল শেষ হয়। পরদিন রবিবার সকালে সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন-পরবর্তী কার্যক্রম। এতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের তৎপরতা ও আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি কার্নিভালজুড়ে আলোচনায় ছিল। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের অনেকে তার ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, বিপুলসংখ্যক মানুষের সমাগমের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবের পরিবেশ বজায় রাখা ছিল জেলা ও পুলিশ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।
তবে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আয়োজক সংশ্লিষ্ট সফলতার পাশাপাশি মূল আয়োজক পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনার দুর্বলতাগুলোও সামনে এসেছে।
কার্নিভালের সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আকর্ষণের অন্যতম বিষয় ছিল। বিশেষ করে শুক্রবার রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মধ্যে সাড়া ফেলে। সাদ্দাম মাল, নিজাম উদ্দিন, আলমাস সিকদার, আখিনুর ও মাসুদ পারভেজ সাগরের সমন্বয়ে পরিবেশিত অনুষ্ঠান দর্শকদের আগ্রহ তৈরি করে। তাদের পরিবেশনায় স্থানীয় জীবন, সমস্যা ও অভিজ্ঞতার নানা দিক উঠে আসে। মনোমুগ্ধকর নৃত্য, চিত্র নায়িকা পূর্ণিমার পারফারমেন্স, চিশতী বাউল ও প্রীতম হাসানের গান দর্শকদের মাতিয়ে তোলে।
শনিবার রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রচুর দর্শক ছিল। দেশবরেণ্য সংগীতশিল্পী অর্ক ব্যান্ডের হাসানের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বসিত করলেও গান তেমন টানেনি বলে মন্তব্য করেন অনেক দর্শক। তবে ঐশির গান নেচে গেয়ে উপভোগ করেন তরুণ দর্শকরা। অনেকের কাছে এই সাংস্কৃতিক আয়োজন ছিল কার্নিভালের বিশেষ আকর্ষণ।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেয়। পর্যটকদের কাছে কুয়াকাটাকে পরিচিত করেছে বলে মনে করেন দর্শকদের অনেকে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে জায়গার সংকট নিয়ে অসন্তোষও দেখা যায়। প্রচুর দর্শকের তুলনায় অনুষ্ঠানস্থলের পরিসর ও ব্যবস্থাপনা যথেষ্ট ছিল কি না, সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
কার্নিভাল শান্তিপূর্ণভাবে শেষ হলেও ইভেন্ট ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানস্থলে তথ্যকেন্দ্রের কার্যকর সেবা পাওয়া যায়নি। বিভিন্ন আয়োজন ও ইভেন্ট সম্পর্কে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক দর্শনার্থীকে বিভ্রান্তিতে পড়তে হয়েছে। ম্যারাথন আয়োজনের ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
কার্নিভাল ঘিরে আরও বিভিন্ন তারকা ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণের প্রচার থাকলেও তাদের কারও কারও অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। কারা কোন অনুষ্ঠানে অংশ নেবেন, কোথায় কোন আয়োজন চলছে কিংবা সময়সূচিতে পরিবর্তন হয়েছে কি নাÑএসব বিষয়ে দর্শনার্থীদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অনেকে মনে করেন, একটি বড় পর্যটন আয়োজনের সাফল্য শুধু দর্শকের উপস্থিতি কিংবা মঞ্চের চাকচিক্যের ওপর নির্ভর করে না। দর্শনার্থীদের তথ্য, নিরাপত্তা, চলাচল, পরিচ্ছন্নতা এবং সার্বিক অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কিছু ঘাটতি থাকায় কার্নিভালের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে তাদের অভিমত। অনেকেই বলেছেন দীর্ঘদিন পর এতবড় একটি আয়োজন আরও একটু সময় নিয়ে পরিকল্পিতভাবে করা যেত।
কার্নিভাল উপলক্ষে পর্যটকের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আবাসিক হোটেল, খাবারের রেস্তোরাঁ এবং স্থানীয় যানবাহনের ভাড়া নিয়ে অভিযোগ সামনে এসেছে। কয়েকজন পর্যটকের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় হোটেলকক্ষের ভাড়া কয়েক গুণ বেড়েছে।
সৈকত ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে চলাচলকারী অটোবাইক, টমটম ও অটোভ্যানের ভাড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। পর্যটনকেন্দ্রে কক্ষভাড়া নির্ধারণ ও পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সামনে আসে।
পর্যটকদের অভিযোগ, ছুটি ও উৎসবের সময় বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কিছু হোটেল এবং যানবাহনচালক ইচ্ছেমতো ভাড়া নিয়েছে। এতে পরিবার নিয়ে বেড়াতে আসা অনেক পর্যটককে বাড়তি ব্যয় বহন করতে হয়েছে। যদিও প্রচার ছিল কার্নিভালে শতকরা ৫০ ভাগ মূল্য ছাড়ের কথা। কার্নিভালের মতো বড় আয়োজন পর্যটন ব্যবসায়ীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করলেও সেই সুযোগে পর্যটকদের ভোগান্তিতে ফেলা উচিত নয় বলে মনে করেন তারা।
কুয়াকাটা হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, কার্নিভাল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের তারা সাধ্যমতো সহযোগিতা করেছেন। হোটেলভাড়া নিয়ে অভিযোগের বিষয়ে তার বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পূর্ণাঙ্গ চিত্র জানতে আরও তথ্য যাচাই করা প্রয়োজন ছিল।
কার্নিভালের আনন্দ-উৎসবের মধ্যেই সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমা হওয়া নিয়ে উদ্বেগ জানান স্থানীয় বাসিন্দা ও পরিবেশসচেতন ব্যক্তিরা। প্রচুর মানুষের সমাগমে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি যথেষ্ট ছিল কি না, এ প্রশ্ন থেকেই যাচ্ছে।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কোনো ঘাটতি ছিল না। ফলে এতো বড় একটা অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করা হয়েছে। ইতিমধ্য্য বর্জ্য আপসরণ কাজ শুরু হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে সব বর্জ্য সরিয়ে ফেলা হবে।