নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:২২ পিএম
কেন্দুয়ার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সম্পৃক্ততার অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে।
আটক ৩ যুবক হলেনÑ উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
গত শনিবার রাতে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে রাতেই ওই তরুণীর কাছ থেকে ঘটনা জেনে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ।
রবিবার ভোরে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সম্পৃক্ততার অভিযোগে ৩ যুবককে আটক করা হয়। পরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তরুণী ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
সজল সরকার আরও বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি আইনগত সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।