× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬০ বছরের পূজার স্থানে এখন জামায়াত নেতার ধান চাষ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:১৯ পিএম

নেছারাবাদে ৬০ বছরের পূজার স্থানে এখন জামায়াত নেতার ধান চাষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদে ৬০ বছরের পূজার স্থানে এখন জামায়াত নেতার ধান চাষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় ৬০ বছরের পুরনো দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের ৪২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা শফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর মন্দিরের জমি নিজের দাবি করে দখলে নিয়ে সেখানে ধান চাষ শুরু করেন তিনি। জমিটি উদ্ধার করে ফের পূজা-অর্চনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জমিদাতা পরিবারের সদস্য ও স্থানীয়রা। অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদার নেছারাবাদ উপজেলার ৮ নম্বর সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠী গ্রামের দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের নামে ৪২ শতক জমি রয়েছে। জমিটির দাগ নম্বর ৯৫২ এবং খতিয়ান নম্বর ১৩০। স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে ওই জমিতে শীতলা পূজা-অর্চনা হয়ে আসছে। সর্বশেষ বিএস রেকর্ডেও জমিটি আটজন শরিকের নামে রেকর্ডভুক্ত রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, জমির শরিক সমীর রঞ্জন আইচের কাছ থেকে তিনটি দলিলের মাধ্যমে সাত বিঘা জমি কিনে ভোগদখল করছেন শফিকুল ইসলাম। পরে সমীর ভারতে চলে যান। তবে তার কাছ থেকে কেনা জমির দাগ ও মন্দিরের জমির দাগ আলাদা বলে দাবি তাদের। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৭ আগস্ট শফিকুল ইসলাম মন্দিরের জমিও নিজের বলে দাবি করে দখলে নেন এবং সেখানে ধান চাষ শুরু করেন।

ভুক্তভোগী জমির মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, সর্বশেষ হালনাগাদ বিএস রেকর্ড অনুযায়ী জমিটি আটজন শরিকের নামে রেকর্ড করা হয়েছে। শফিকুল ইসলাম একটি অনিবন্ধিত মনগড়া বায়নাচুক্তি দেখিয়ে ৫ আগস্টের পর জমিটি দখলে নিয়ে ধান চাষ করছেন বলে অভিযোগ করেন তিনি। মনোজ বিশ্বাস আরও বলেন, আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই জমিতে শীতলা পূজা করে আসছেন। আমরা জমিটি উদ্ধার করে আগের মতো পূজা-অর্চনা চালু করতে চাই।

স্থানীয় ইউপি সদস্য সুমন আইচ জানান, ছোটবেলা থেকেই তারা ওই জমিতে শীতলা পূজা হতে দেখে আসছেন। কিন্তু ৫ আগস্টের পর স্থানীয় জামায়াত নেতা শফিকুল ইসলাম হাওলাদার জমিটি দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রকৃত কাগজপত্র নিয়ে আলোচনায় বসার কথা বলা হলেও তিনি এড়িয়ে যাচ্ছেন বলে দাবি করেন সুমন আইচ।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য জানতে সরাসরি যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে রাজি হননি। পরে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে জমির মালিকানা ও দখল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সমুদয়কাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু হানিফ বলেন, শফিকুল ইসলাম হাওলাদার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জমিসংক্রান্ত বিষয়টি তার ব্যক্তিগত বলে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে বা ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব প্রলয় মণ্ডল বলেন, সমুদয়কাঠীতে জমি দখল, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়ে তারা সরেজমিনে গিয়েছিলেন। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদার তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ ওসি জানান, ওখানে ওই জমি নিয়ে একটা বিরোধ শুনছি। বিষয়টি নিয়ে একবার থানায় বসা হয়েছিল। উভয়কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা