রংপুর অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:০৬ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর। নিহতরা হলেনÑ নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। এ সময় সোহেল বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। এতে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করলে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সোহেল মিয়া বলেন, শনিবার ভোররাতে হঠাৎ অটোরিকশার ঘরে শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর আমার স্ত্রী বলে, চোর অটোরিকশা নিয়ে পালাচ্ছে। এরপর ঘর থেকে বাইরে বেরিয়ে অটোরিকশাটি টেনে ধরার চেষ্টা করলে আমাকেসহ পালানোর চেষ্টা করে দুই চোর। পরে আমি অটোরিকশা ছেড়ে দিয়ে চিৎকার করলে মসজিদের মুসল্লিরা তাদের ধাওয়া করেন। পরে শুনি আধা কিলোমিটার দূরে ক্যানেলের ধারে গণপিটুনিতে দুই চোর মারা গেছে।
নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, রেজাউল অনেক আগে চুরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
কোলকোন্দ ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান বলেন, সাদিকুল আগে মাদক সেবন করতেন। তার বাবা ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছেন। সাদিকুলের ৪ ও ৬ বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
ওসি আব্দুস ছবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউলের বিরুদ্ধে গঙ্গাচড়া, পরশুরাম, তারাগঞ্জ ও হাজীরহাট থানায় ৯টি মামলা রয়েছে। গণপিটুনিতে দুজনের নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেছে।