সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে গণসংযোগ করছেন সাবেক সেনাসদস্য দিদারুল আলম দিদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর
বল্লী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক
সেনাসদস্য ও ব্যবসায়ী দিদারুল আলম দিদার। অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত
সমাজ গঠন এবং জনসেবার মানোন্নয়নের অঙ্গীকার নিয়েই এবার ভোটের মাঠে নামলেন তিনি। তবে
কোনো রাজনৈতিক দলের মনোনীত নয়, সতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দীতার ইচ্ছাপোষণ
করেছেন সাবেক এ সেনাসদস্য।
দিদারুল আলম দিদার বলেন, নির্বাচিত
হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি,
কৃষি ও মৎস্য খাতের বিকাশ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি
দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে
তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, ‘মানুষের ভালোবাসাই হবে আমার শক্তি, আর জনসেবাই হবে আমার অঙ্গীকার।
নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের সমস্যা সমাধান ও উন্নয়নে
কাজ করব।’
দিদারুল আলম দিদার বল্লী ইউনিয়নের
শীবনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আলহাজ্ব রেজাউল করিম সরদার। কলারোয়া সরকারি কলেজ
থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। অবসর গ্রহণের পর
জনসেবার পাশাপাশি মৎস্য চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত হন।
দিদারের পক্ষ থেকে জানানো হয়েছে,
ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
তাঁর নিজস্ব অর্থায়নে এলাকার মসজিদ, মন্দির, ঈদগাহ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার উন্নয়নেও
সহযোগিতা করা হয়েছে।
আসন্ন নির্বাচন সামনে রেখে বল্লী
ইউনিয়নের ১২টি ওয়ার্ডে গণসংযোগ চালাচ্ছেন এই চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করা সাবেক
এ সেনাসদস্য। বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লা ও বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়
করছেন এবং নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সমর্থন চাইছেন।
দিদারুল আলম দিদার বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জবাবদিহিমূলক একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।