সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৮ পিএম
সখীপুরের মহানন্দপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকার মালিক আজিজুলের হাতে পুরো টাকা তুলে দেন দুই বন্ধু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি রাস্তায় পড়ে ছিল ৮০ হাজার টাকা। চাইলেই টাকাগুলো নিজেরা রেখে দিতে পারতেন দুই বন্ধু। কিন্তু প্রকৃত মালিককে খুঁজে বের করে পুরো টাকাই ফিরিয়ে দিয়েছেন কলেজছাত্র আবু রাহাত ও আবু সোহান।
অর্থের লোভ পেছনে ফেলে তারা যেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন। তাদের এই সততা ও মানবিকতার গল্প এখন প্রশংসা কুড়াচ্ছে স্থানীয় মানুষদের।
রবিবার দুপুরে উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকার মালিক আজিজুলের হাতে পুরো টাকা তুলে দেন দুই বন্ধু। রাহাত ও সোহান মহানন্দপুর গ্রামের বাসিন্দা। গত শনিবার উপজেলার পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কে পড়ে থাকা ৮০ হাজার টাকা দেখতে পান তারা। টাকাগুলো প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দুই বন্ধু। এরপর মালিককে খুঁজে পেতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।
এদিকে নিজের কষ্টার্জিত টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন আজিজুল। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত তিনি। টাকাগুলো হারানোর পর বিভিন্ন এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন। একপর্যায়ে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে টাকার প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আজিজুল। রাহাত ও সোহানের মতে, এমন মানবিকতার দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।