× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ জেলা পরিষদ

লোকবল নিয়োগে স্বজনপ্রীতির ভয়াবহ চিত্র, বঞ্চিত যোগ্যপ্রার্থীরা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৫:০৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৫:০৭ পিএম

ঝিনাইদহ জেলা পরিষদ ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ জেলা পরিষদ ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ জেলা পরিষদে বিপুল অঙ্কের টাকা ও স্বজনপ্রীতির বিনিময়ে ৬টি পদের সবকটিতেই কর্মকর্তা-কর্মচারীদের ছেলে, ভাতিজা ও আত্মীয়স্বজনদের মধ্যে নিয়োগ ভাগাভাগি করে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

এমনকি ধর্মীয় ও সামাজিক প্রথা ভেঙে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে সুইপার পদে হরিজন সম্প্রদায়ের কোনো সদস্যকে না নিয়ে শেখ মোহাম্মদ হাম্মাত নামে এক মুসলিম যুবককে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ জেলা পরিষদে রণজিৎ কুমার নামের এক হরিজন সুইপার পাঁচ বছর ধরে বিনা বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। এমন নজিরবিহীন নিয়োগ বাণিজ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সচেতন নাগরিক সমাজে।

অনুসন্ধানে জানা যায়, ওই নিয়োগের স্বজনপ্রীতির মাধ্যমে বড় ভাগটি বাগিয়ে নিয়েছেন জেলা পরিষদের সাঁটলিপিকার শেখ শফি উদ্দীন। তিনি ক্ষমতার অপব্যবহার করে তার নিজের ছেলে শেখ তামিম হাসানকে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদে, ভাতিজা শেখ লোকমান হোসেন আপেলকে উচ্চমান সহকারী পদে আরেক ভাতিজা শেখ কাকন হোসেনকে পরিচ্ছন্নতাকর্মী পদে ও ভাতিজা শেখ মোহাম্মদ হাম্মাতকে সুইপার পদে নিয়োগ দিতে সক্ষম হয়েছেন। শুধু জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ দিয়েই তিনি ক্ষান্ত হননি; এর আগে তার ভাগ্নে শাহীনকে শৈলকুপা ডাকবাংলোয় এবং ভাগ্নি জামাই রাশেদকে মহেশপুর ডাকবাংলোর নৈশপ্রহরী পদে চাকরি দিয়েছেন।

একইভাবে স্বজনপ্রীতির রাজত্ব কায়েম করেছেন জেলা পরিষদের হিসাবরক্ষক আলমগীর হোসেন। তার ভাতিজা রাব্বুল হুসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ইলেকট্রিশিয়ান পদে। এছাড়া এমএলএসএস তোয়াজ উদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে ডুপ্লিকেটিং অপারেটর পদে, বর্তমান জেলা পরিষদ প্রশাসকের ভাই আব্দুল লতিফের ছেলে ফয়সাল আহম্মেদ নয়নকে অফিস সহায়ক পদে এবং কালীগঞ্জের নিয়ামতপুরের আশিকুর রহমানকে গাড়ী চালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, এসব নিয়োগের পুরোটাই নিয়ন্ত্রণ করেন জেলা পরিষদের সাঁটলিপিকার শেখ শফি উদ্দীন। তিনি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করে কালীগঞ্জের তিনটি ব্যাংকে টাকা জমা করেন বলে নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে।

নিজের ভাতিজার নিয়োগ সম্পর্কে জানতে চাইলে জেলা পরিষদের হিসাবরক্ষক আলমগীর হোসেন বলেন, রাব্বুল ইসলাম আমার ভাতিজা, সে সম্প্রতি চাকরি পেয়েছে। তবে নিয়োগের বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা বলত চাই না। আপনি একটু আমার কার্যালয়ে আসেন। সেখানে সব আলাপ করা যাবে।

অন্যদিকে, ছেলে, ভাতিজা, ভাগ্নে ও ভাগ্নি জামাইসহ পুরো পরিবারকে জেলা পরিষদে পুনর্বাসনের বিষয়ে জানতে সাঁটলিপিকার শেখ শফি উদ্দীনকে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমাকে জিজ্ঞেস না করে জেলা পরিষদ প্রশাসককে জিজ্ঞেস করেন।

এসব অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের নিয়োগকর্তা ও প্রধান নির্বাহী সেলিম রেজা জানান, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বিধিমালা মেনেই হয়েছে, কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। তবে নিয়োগপত্র ইস্যু করার পর একাধিক সদস্য যে একই পরিবারের, তা আমাকে দুই একজন বিষয়টি জানিয়েছেন।

সুইপার পদে পরিচ্ছন্নতাকর্মী হরিজনদের বাদ দিয়ে মুসলিম যুবকের নিয়োগ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, সুইপার পদে হরিজন সম্প্রদায়ের একজন আবেদন করেছিলেন এবং তাকে ইন্টারভিউয়ের চিঠিও দেওয়া হয়েছিল। তবে তিনি পরীক্ষায় হাজির না থাকায় বিকল্প হিসেবে আমাদের প্রার্থী বাছাই করতে হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা