ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৪:৪১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম
সোমবার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। প্রবা ফটো
ফেনীর সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করায় ছকিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, আটক ওই নারী মানসিক ভারসাম্যহীন।
সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ভাঙচুর ও আটকের ঘটনা ঘটে।
ছকিনা আক্তারের বাড়ি উপজেলার দক্ষিণ চরচান্দিয়ায়। তার স্বামী সৌদি আরব প্রবাসী। ছয় মাস আগে স্বামীর কাছে যাওয়ার পর গত সপ্তাহে তিনি দেশে ফিরেছেন।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ছকিনা হঠাৎ আওয়ামী লীগ কার্যালয়ের দেয়ালে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ছবি ভাঙচুর করেন। টেবিলের ওপর রাখা দুটি কাচের গ্লাসও ভেঙে ফেলেন তিনি। তৎক্ষণাৎ নেতাকর্মীরা ছকিনাকে আটক করে পুলিশে দেন।’
ছকিনার মা হাসিনা বেগম বলেন, ‘গত সপ্তাহে ছকিনা সৌদি আরব থেকে একা দেশে ফিরেছে। এর পর থেকেই অসংলগ্ন আচরণ করছে। কুমিল্লার নাঙ্গলকোটের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছে। শনিবার বিকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।’
এ দাবির বিষয়ে মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘ওই তরুণী যদি সত্যিই মানসিক ভারসাম্যহীন হন তাহলে দলের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করবে না। তবে সুস্থ ও সজ্ঞানে ভাঙচুর করে থাকলে আমিই মামলা করব।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘ছকিনার চিকিৎসাপত্র সংযুক্ত করে তার মা থানায় লিখিত আবেদন করেছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’