× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলফাডাঙ্গায় ভয়াবহ আগুন

নয়টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৪:৩২ পিএম

আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে আগুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে আগুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডে পাট, পেঁয়াজ, রসুন, চালসহ বিভিন্ন পণ্য মজুত থাকা নয়টি গুদাম পুড়ে গেছে। 

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের এ বাজারে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাট ও পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ মণ্ডলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। এর আগে স্থানীয়  বাসিন্দারা পাশের বারাশিয়া নদী থেকে পানি এনে আগুন নেভানো চেষ্ট করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের  প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদামগুলোতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গুদামের মালিকদের মধ্যে রয়েছেনÑ হাবিবুর রহমান হাবি মণ্ডল, ফিরোজ মেম্বার, মাসুদ মণ্ডল, মিল্টন মোল্যা, জুয়েল মণ্ডল, ইমরুল মোল্যা ও কালাম মোল্যা।

স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি গুদামে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার পণ্য মজুত ছিল। তবে আগুনে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরুপণ করা হয়নি।

স্থানীয় ব্যবসায়ী কিসলু খালাসী বলেন, তিনি বাজারে লোকজনের চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে মাসুদ মণ্ডলের পাটের গুদাম থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যেই আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফিরোজ মেম্বার বলেন, গুদাম বন্ধ করে বাড়িতে যাওয়ার পর আগুনের খবর পান তিনি। বাজারে এসে দেখেন, তার গুদামের পণ্য পুড়ে গেছে। ধারদেনা করে পাটের ব্যবসা করতেন তিনি। সরকারি সহায়তা না পেলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হবে বলে জানান তিনি।

ব্যবসায়ী মাসুদ মণ্ডল বলেন, তার গুদামে থাকা পাট, পেঁয়াজ ও রসুনের প্রায় ৫০ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। জমিজমা বেচে ও ধারদেনা করে এসব পণ্য  কেনেন তিনি।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, দুটি স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বুঝতে আরও সময় লাগবে।

আলফাডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাশের বারাশিয়া নদী থেকে পানি এনে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা