খুলনা অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৫৬ পিএম
ভাঙচুরের শিকার নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে।
হামলায় ক্লিনিকের রিসিপশনিস্ট বিশ্বজিৎ সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় রোগী, তাদের স্বজন ও ক্লিনিকের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১২ জনের একটি দল ক্লিনিকে ঢুকে গুলিবর্ষণ করে। এরপর তারা প্রফেসর ডা. কুতুব উদ্দিন ও ডা. শেখ মোজাম হোসেনের চেম্বার ভাঙচুর করে। পরে হামলাকারীরা ক্লিনিকের রিসিপশন ও ক্যাশ কাউন্টারেও ভাঙচুর চালায়। এ সময় ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী ইকবাল হোসেনের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ক্লিনিকের সুপারভাইজার কল্যাণী বলেন, রাতে তারা স্বাভাবিকভাবে কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সামনে থেকে ভাঙচুর করতে করতে ক্যাশ কাউন্টারের সামনে এসে হামলা চালায়। এ সময় তারা বাইরে বেরিয়ে যান। হামলাকারীরা চলে যাওয়ার পর আবার ভেতরে প্রবেশ করেন তারা। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
ঘটনার পর ক্লিনিকের মালিকপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। উপস্থিত ব্যক্তিরাও হামলার কারণ সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষকে পাওয়া যাচ্ছে না। তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিরা যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
খুলনায় ধারাবাহিক গুলি ও সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফরের মধ্যেই শনিবার (২৪ অক্টোবর) সকালে তেরোখাদায় এক যুবদল নেতা গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় গুলিবিদ্ধ হন এক মুদি দোকানদার। এরপর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধারাবাহিক সহিংসতার মধ্যে একটি চিকিৎসাকেন্দ্রে এমন হামলার ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে জনমনে প্রশ্ন উঠেছে।