কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৪০ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে শিবিরকর্মী শামীম হত্যা মামলা ঘিরে মহেশপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার চালানোর অভিযোগ উঠেছে। ২০১৬ সালে শামীম হত্যার ঘটনা ঘটলেও এ ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালতে নতুন করে মামলা করা হয়। ওই মামলায় ইমরান আলমের নাম থাকলেও তার হত্যাকাণ্ডে সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন মামলার বাদী নিহত শামীমের বাবা রুহুল আমিন। তার পক্ষে ইমরান আলমের নাম বাদ দেওয়ার বিষয়ে হলফনামা দেওয়ার কথাও জানা গেছে।
অন্যদিকে, ওসি ইমরান আলমের দাবি, তদন্তে তার বিরুদ্ধে
অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি পদোন্নতি পেয়ে মহেশপুর থানায় যোগদানের পর পুরনো
মামলাকে কেন্দ্র করে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া কিছু ব্যক্তি ও অনলাইন
মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি অর্থ দাবি করার অভিযোগও করেছেন
তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা
সম্ভব হয়নি।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে কালীগঞ্জ পৌর এলাকার
বাকুলিয়া গ্রামের ব্র্যাক অফিসপাড়া এলাকার শিবিরকর্মী শামীম হত্যার ঘটনায় তার বাবা
রুহুল আমিন আদালতে ১২ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার প্রাথমিক আসামির তালিকায়
ইমরান আলমের নাম ছিল। পরে ছয়জনের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বাদীর বক্তব্য অনুযায়ী,
তাদের মধ্যে ইমরান আলমও ছিলেন।
রুহুল আমিনের দাবি, সে সময় কয়েকজনের প্ররোচনায় পড়ে তিনি
একাধিক ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। পরে জানতে পারেন, ইমরান আলমসহ কয়েকজনের
সঙ্গে তার ছেলের হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা ছিল না। এ কারণে তাদের নাম বাদ দেওয়ার
উদ্যোগ নেন এবং ইমরান আলমের পক্ষে হলফনামা দেন।
ইমরান আলম জানান, তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কালীগঞ্জ
থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে কালীগঞ্জের
দুই তরুণ যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় যশোর
কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটির নম্বর ৬৪, তারিখ ১৩ এপ্রিল ২০১৬। দণ্ডবিধির
৩০৪/৩৪ ধারায় করা মামলাটির বাদী ছিলেন রুহুল আমিনের শ্যালক ইমরান হোসেন।
ইমরান আলমের দাবি, মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৩০
সেপ্টেম্বর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং ২০১৭ সালের ২৯ নভেম্বর আদালত তা
গ্রহণ করেন। তবে ওই মামলার সঙ্গে পরবর্তী সময়ে শামীম হত্যা ঘটনায় করা মামলার সম্পর্ক
এবং দুই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা প্রয়োজন।
ওসি ইমরান আলমের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর একই
ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আদালতে মামলা করা হয়। ওই মামলায় তার নামও অন্তর্ভুক্ত
করা হয়েছিল। পরে বাদী তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অবস্থান পরিবর্তন করে হলফনামা দেন।
তার দাবি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন
দাখিলের সুপারিশসহ সাক্ষ্য স্মারকলিপি প্রায় এক বছর আগে জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইমরান আলম মহেশপুর থানার ওসি হিসেবে যোগ দেওয়ার
পর মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে আলোচনা শুরু হয়। এসব
প্রচারের পেছনে একটি মহল কাজ করছে বলে অভিযোগ তার। তার আরও দাবি, কিছু ব্যক্তি অর্থের
বিনিময়ে তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচারের চেষ্টা করছেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট
সংবাদমাধ্যম বা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি ইমরান আলম বলেন, বাদী নিজেই জানিয়েছেন, তিনি কোনো
সাংবাদিকের কাছে বলেননি যে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও ইমরান আলম পদোন্নতি পেয়ে
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বাদী তাকে ভালো মানুষ হিসেবে
উল্লেখ করে তার পক্ষে হলফনামা দিয়েছেন। ইমরান আলমের অভিযোগ, কিছু সাংবাদিক অর্থের লোভে
তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছেন।
এ বিষয়ে তৎকালীন কালীগঞ্জ উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের
সভাপতি এএইচ মর্তূজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ
করেন। এ বিষয়ে তৎকালীন উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিযার রহমানের সঙ্গে যোগাযোগের
পরামর্শ দেন তিনি।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান জেলা
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিযার রহমান বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের
৫ আগস্টের পর মামলাটি করা হয়। সে সময় তিনি উপজেলা জামায়াতের আমির ছিলেন। তার ভাষ্য,
সংগঠনের নিয়ম অনুযায়ী মামলার বাদী হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে মামলায় ইমরান
আলমের নাম অন্তর্ভুক্তির বিষয়টি তার জানা ছিল না।
ওলিযার রহমান বলেন, ইমরান আলম ভালো মানুষ বলে তিনি জানেন।
মামলায় তার নাম আসা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম বা
বিভিন্ন গণমাধ্যমে বাদীর পরিবার ও ওসি ইমরান আলমকে নিয়ে অপপ্রচার চালানোও তিনি সমর্থন
করেন না। তার বক্তব্য, কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির মুখে না পড়েন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন,
তার জানা অনুযায়ী, মামলাটি ২০২৪ সালে করা হয়। সংগঠনের একটি দল মামলার কার্যক্রম পরিচালনা
করে এবং মামলার খরচ সংগঠন বহন করে। নিহত শামীমের বাবা রুহুল আমিন বাদী হয়েছেন বলে তিনি
জানান। ইমরান আলমের বিষয়ে তিনি বলেন, তার নাম আগে বিস্তারিতভাবে জানা ছিল না। তবে অন্যদের
কাছে তার সম্পর্কে ভালো কথা শুনেছেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন,
সেটিই তিনি চান।
মামলাটির বর্তমান অবস্থা, তদন্ত প্রতিবেদন এবং আদালতের
নথি যাচাইয়ের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত অবস্থান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সামাজিক
যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে তথ্য প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি ও নির্ভরযোগ্য
সূত্রের ভিত্তিতে সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।