ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:২৪ পিএম
শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার এ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে টানা তিন ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার এ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দীর্ঘ সময় চেষ্টা চালাতে হয়। সংঘর্ষে গুরুতর আহত পুলিশ সদস্য নাজমুল হোসেনকে (৪২) উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াকান্দা এলাকার হাবিব হুজুরের বাড়ির লোকজনের সঙ্গে বালুর মাঠ এলাকার সোহেল মিয়ার বাড়ির লোকজনের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আগের দিন ভৈরবপুর এলাকার আরিফ হাজীর সঙ্গে সোহেল মিয়ার ছেলে ও তার সহযোগীদের একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বিকেলে ঘোড়াকান্দা মোড়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, মোড় থেকে ফেরার পথে সোহেল মিয়ার ছেলে ও তাঁর সহযোগীরা হাবিব হুজুরের বাড়ি লক্ষ্য করে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও ছাদ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন হাবিব হুজুরের বাড়ির যুবকেরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
রাতভর উত্তেজনাকর পরিস্থিতিতে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তাদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ সদস্য নাজমুল হোসেন আহত হন।
আহতদের মধ্যে জোবায়েদ আহমেদ (২৪), অনন্ত (২০), রবিন আহমেদ (১৮), রাতুল হাসান (২৩), মোস্তফা মিয়া (২২), সুজন মিয়া (২২), সালমান হোসেন (১৬), আরমান মিয়া (১৬) ও সাইফুল হোসেন (৩৫) রয়েছেন। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন।
হাবিব হুজুরের বাড়ির প্রধান আলহাজ হাবিবুর রহমান অভিযোগ করে “বলেন, অন্য এলাকার একটি পক্ষের সঙ্গে বালুর মাঠের সোহেলদের পরিবারের বিরোধ ছিল। কিন্তু তারা অকারণে তাদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁর ছেলেদের ওপর চড়াও হওয়া হয়, যা পরে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়”।
অন্যদিকে সোহেল মিয়া দাবি করেন, হাবিব হুজুরের ছেলেরা তাদের বাড়িতে হামলা করতে এলে বাড়ির লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ থেকেই সংঘর্ষের সৃষ্টি হয়।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়াকান্দায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে পাঠান।
তিনি আরও জানান, এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের সমিতির কিস্তি পরিশোধকে কেন্দ্র করে প্রথমে বিরোধের সৃষ্টি হয়েছিল। পরে সেই বিরোধ অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।