যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিমে বিনামূল্যে চিকিৎসাসেবা, কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিমে বিনামূল্যে চিকিৎসাসেবা, কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৫ হাজার মানুষকে সাত ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ২ হাজার ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং ২০০ অসহায় নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, গাইনি, দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিকটবর্তী শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষ উপস্থিত ছিলেন।