খুলনা অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম
বাড়িওয়ালা ৭৬ বছর বয়সী মজলিস খানকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা নগরীর বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে।
নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রবিবার সকালে চিকিৎসাধীন ও ভাড়াটিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় বাড়িওয়ালা ৭৬ বছর বয়সী মজলিস খানকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।