পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:০০ এএম
শনিবার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়িতে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ও মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, মরদেহ দাফনের জন্য খোঁড়া কবর স্থানীয় লোকজন ভরাট করে দেয়। পরে প্রায় ১৭ ঘণ্টা অপেক্ষার পর শনিবার রাতে পরিবারের সদস্যরা নিজেরাই কবর খুঁড়ে তাকে দাফন করেন।
শনিবার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়িতে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পুলিশি নিরাপত্তার মধ্যে দাফন কার্যক্রম শেষ করা হয়।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে অবস্থানকালে ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সেখানে বাধার মুখে পড়েন স্বজনেরা। পরিস্থিতির কারণে পুলিশ মরদেহটি সরিয়ে পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যায়।
সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে সদর থানা পুলিশ।
পরবর্তী সময়ে রাত ১টার দিকে পুলিশ ও জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নেওয়া হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মানিক পশারীর স্ত্রী, মেয়ে ও বোনেরা মিলে কবর খনন করেন। পরে রাত ২টার দিকে তাঁকে দাফন করা হয়। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে জানাজা অনুষ্ঠিত হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়ভাবে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
মানিক পশারীর বোন বলেন, “আমার ভাইরে টুঙ্গিপাড়া দিয়া পিরোজপুর আনার পর ওখানে জরাজারি হইছে। একবার মোরা কবর খুঁড়ছি, সেই কবর লোকজনে আবার ভরাট করে ফেলছে। আবার মোরা কবর খুঁড়ছি এবং পুলিশ লাশ আনার পরে মোরাই মাডি দিছি। কোনো পুরুষ মানুষ আয় নাই”।
এদিকে দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে জেলা জামায়াতে ইসলামী। দলটির পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “মানিক পশারীর মরদেহ দাফনে জেলা জামায়াত বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী বাধা সৃষ্টি করেননি”।
পুলিশের সঙ্গে সমন্বয় করে দাফন সম্পন্ন করতে সহযোগিতা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।
উল্লেখ্য, মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি যশোর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেন। গত দুই মাস ধরে অসুস্থ থাকার পর শনিবার তার মৃত্যু হয়।