ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩০ এএম
সিজিএস কলোনি চট্টগ্রাম। ছবি: ফেসবুক থেকে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা কোয়ার্টারগুলো এখন পরিণত হয়েছে বহিরাগত অপরাধীদের অভয়ারণ্যে। চট্টগ্রামের অন্যতম বৃহৎ সরকারি আবাসন প্রকল্প আগ্রাবাদ সিজিএস কলোনিতে অন্তত ৫৪টি সরকারি বাসা দখল করে অবৈধ সাবলেট বাণিজ্যের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। শুধু তা-ই নয়, এই অবৈধ বাসিন্দাদের ছত্রছায়ায় কলোনির ভেতরেই গড়ে উঠেছে রমরমা মাদকের আখড়া ও অনৈতিক কার্যকলাপের আস্তানা, যা সাধারণ আবাসিক বাসিন্দাদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে।
অনুসন্ধানে জানা যায়, গণঅভ্যুত্থানের পর সিজিএস কলোনির জি-১৪, ১৫, ১৫এ ও ১৬ নম্বর ভবনের বাসাগুলো দখল করে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছে একটি চক্র। কথিত যুবদল নেতা কাইয়ুম হোসেন রিপন ওরফে জামাই রিপন, মো. আলম ও মো. এমদাদের যোগসাজশে এটি পরিচালিত হচ্ছে। সরকারি চাকরিজীবী না হয়েও রিপন নিজে কলোনিতে দুটি বাসা দখল করে সপরিবার থাকছেন। তার অনুসারীরা ১০ থেকে ১৫ হাজার টাকায় এসব বাসা সবজি বিক্রেতাসহ খেটে খাওয়া বহিরাগত মানুষদের কাছে ভাড়া দিয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কলোনি এককভাবে নিয়ন্ত্রণ করতেন মো. সুমন ওরফে দাঁতাল সুমন। ক্ষমতার পালাবদলে তিনি গা-ঢাকা দিলে নিয়ন্ত্রণ নেন রিপন। বর্তমানে রিপনের হয়ে আগ্রাবাদ লাকী প্লাজার সামনের ফুটপাতের ভাসমান দোকানগুলো থেকে চাঁদা তোলেন মো. সুমন ওরফে জিন সুমন ও বেলাল।
সরেজমিন দেখা যায়, পুরো কলোনি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকলেও নিচতলার বাসাগুলোর পেছনে টিন দিয়ে অতিরিক্ত ঘর ও মোটরসাইকেল গ্যারেজ বানানো হয়েছে। এর আগে ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযানের পর সামনের দিকের অবৈধ সীমানা প্রাচীর না থাকলেও কলোনির শেষ প্রান্তে যে যার মতো টিনের ঘর তুলেছেন। সেখানেই গড়ে উঠেছে ‘রুমার কলোনি’ নামের আরেক অপরাধজগৎ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, কলোনির নির্জন কোণ ও সাবলেটে থাকা অপরাধীদের নিয়ন্ত্রিত কক্ষগুলো এখন মাদক কেনাবেচার নিরাপদ ট্রানজিট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কম থাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনা লেগেই থাকে।
৯ অক্টোবর রাতে কলোনির শেষ প্রান্তে টিনশেডের একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১২৪ লিটার চোলাই মদ জব্দ করে ডবলমুরিং থানার পুলিশ। এ সময় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়। এর কিছুদিন পর একই স্থানে অভিযান চালিয়ে ড্রামভর্তি মদ জব্দ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিজিএস কলোনির ভেতর রুমার কলোনিতে গোপনে মাদকের ব্যবসা চলছে। সেখানে সেবন, খুচরা ও পাইকারি বিক্রির পাশাপাশি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। রুমা হলেন মো. রিপনের স্ত্রী। যে ঘর থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে, সেটি তিনিই ভাড়া দিয়েছিলেন। বিষয়টি এখনও তদন্তাধীন”।
আবাসন পরিদপ্তরে এসব বাসার বরাদ্দের কোনো তালিকা নেই। বাসাগুলোকে পরিত্যক্ত বলা হলেও বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বহাল রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম আবাসন পরিদপ্তরের উপপরিচালক আইরিন আক্তার বলেন, “আবাসন বরাদ্দ দেওয়া তার নিজ দপ্তরের কাজ। তবে পুরনো জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা ও রক্ষণাবেক্ষণের কাজ গণপূর্ত অধিদপ্তরের”।
অন্যদিকে গণপূর্ত বিভাগ-৫ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, “কলোনিতে বহিরাগত লোক থাকে, এমন কোনো তথ্য আমার কাছে নেই। কেউ অবৈধভাবে দখল করে থাকলে আমরা ব্যবস্থা নেব”।
সরকারি ঘর দখল প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “কেউ সরকারি ঘর দখল করে থাকলে ওই প্রতিষ্ঠানই ব্যবস্থা নেবে। কলোনি দেখভালের দায়িত্ব আবাসন পরিদপ্তর ও গণপূর্তর। ওনারাই এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে”।
দলীয় প্রভাব বিস্তারের এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা যুবদল নেতা কাইয়ুম হোসেন রিপনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা নিশ্চিত করা হয়।