প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২৩:০৫ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা ইউটার্ন এলাকায় বাস, অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সড়ক যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। কখনও যানবাহনে মুখোমুখি সংঘর্ষ, কখনও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে, আবার কখনও পথচারী বা সড়কের পাশে থাকা মানুষকে চাপা দেওয়ার ঘটনা।
সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দেশের ৮ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে যশোর ও মুন্সীগঞ্জে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে ৪ জন এবং গাজীপুর, কুমিল্লা, বগুড়া ও ঝিনাইদহে ৪ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশত। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
ব্রাহ্মণবাড়িয়া : শনিবার সকালে সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামের দুই বাসযাত্রী নিহত হয়েছেন। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছে বাসের আরও ১৩ যাত্রী।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহি বাস সাথে অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
শ্রীপুর (গাজীপুর) : শনিবার দুপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেলক্রসিংসংয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫০) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রুহুল আমিন দুর্ঘটনায় ১৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ইস্টার্ন মেডিকেল কলেজের স্টাফ বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইদহ : শনিবার দুপুরে সদর উপজেলার কামতা মির্জাপুর গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জাকিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন , পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের একজনের পচিয় পাওয়া গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় শুক্রবার গভীর রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান।
নাভারন হাইয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) : মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও শিশুকন্যা নিহত ও দুজন আহত হয়েছে। শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলার নয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মো. দেলোয়ার হোসেন ও তার শিশুকন্যা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন। পরে আহতদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়।