নাশতা কম হওয়ার অভিযোগে মারধর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:৪৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২৩:১১ পিএম
স্বামী মো. তারেক ও গৃহবধূ সিফাতুন নূর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেয়ে সিফাতুন নূরের (২২) শ্বশুরবাড়িতে নিজের হাতে তৈরি নাশতা নিয়ে গিয়েছিলেন জুহিনূর আক্তার (৫৫)। কিন্তু নাশতার পরিমাণ কম, এমন অজুহাতে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শ্বশুড়বাড়ির মানুষজন।
মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় জুহিনূরকে। এ ঘটনায় ওই সময়েই অসুস্থ হয়ে পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুন। পরে তাকেও মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করতে হয় তাকে। টানা নয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত শুক্রবার দুপুরের দিকে মারা গেছেন তিনি। মাত্র মাসপাঁচেক আগে বিয়ে হয়েছিল তার।
এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামে। সেখানকার ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে বিয়ে হয় চন্দনাইশ পৌরসভার মোহাম্মদ নূর ও জুহিনূর আক্তারের মেয়ে সিফাতুনের। তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিয়ের পর থেকেই তাঁর স্বামী বিদেশে ছিলেন। তবে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। যৌতুকের জন্য তাকে শশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পটিয়া থানা সুত্র জানিয়েছে, গত ১৪ অক্টোবর পটিয়া থানায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন জুহিনুর আক্তার।
এর আগে ১২ অক্টোবর সন্ধ্যায় জুহিনুর তার মেয়ের শ্বশুরবাড়িতে ৪৫০টি পিঠা, ৪০টি পেয়ারা, এক কেজি বড় চিংড়ি মাছ, এক কেজি আপেল, আটটি ড্রাগন ফল, চার কেজি তেলাপিয়া মাছ ও তিন কেজি দুধ নিয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত চট্টগ্রামে আশ্বিন মাসে মেয়ের শ্বশুরবাড়িতে বিভিন্ন পিঠা পাঠানোর প্রচলন রয়েছে। কিন্তু সিফাতুনের মেয়ের শাশুড়ি নাশতা কম হয়েছে বলে অভিযোগ করেন।
সিফাত নূরের মৃত্যুর কথা নিশ্চিত করে তার মামাতো ভাই মোহাম্মদ রিয়াদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, তার বোনের ওপর বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার দিন সন্ধ্যায় সিফাতুনের শ্বশুরবাড়িতে নিজের হাতে বানানো নাশতা নিয়ে যান জুহিনুর। তখন নাশতার পরিমাণ নিয়ে তাকে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) খোঁটা দিতে থাকেন। তার সঙ্গে যুক্ত হন একই পরিবারের রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২)। তারা সিফাতুনের মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এসব দেখে সিফাতুন অসুস্থ হয়ে পড়েন এবং তার মাকে চলে যেতে বলেন।
জানা গেছে, এ ঘটনার জের ধরে ১৪ অক্টোবর সিফাতুনকে মারধর করা হয়। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে সংজ্ঞাহীন অবস্থায় শ্বশুরবাড়ির আশপাশের লোকজন সিফাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার হাতে, পায়ে এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরের দিকে মৃত্যু হয় তার।
মোহাম্মদ রিয়াদ জানান, ‘মারধরের ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল। যেহেতু এর মধ্যে সিফাতুন নূরের মৃত্যু ঘটেছে, সেহেতু আমরা হত্যা মামলা করব।’
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, ‘শ্বশুর বাড়িতে সিফাতুন নুর ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে, এরকম একটি ভিডিও আমরা হাতে পেয়েছি। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিষয়ে নিহতের মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। এখন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নিলে মামলা নেওয়া হবে। এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন, সিফাতুনের মৃত্যুর পর তাঁর শাশুড়ি রিজিয়া বেগমকে (৬০) গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।